তৃণমূলকে সরিয়ে ওদলাবাড়িতে বোর্ড গঠন বিজেপির

জলপাইগুড়ির মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করল বিজেপি। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ৩০টি আসনের মধ্যে তৃণমূল ১৫টি এবং বিজেপি ১২টি আসনে জয়ী হয়েছিল। শুরুতে নির্দলদের সমর্থনে তৃণমূল বোর্ড গঠন করলেও, পরবর্তী সময়ে দলবদলের জেরে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসে। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পঞ্চায়েতের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিল গেরুয়া শিবির।
বোর্ড গঠনের ভোটাভুটিতে বিজেপির ১২ জন সদস্য সহ মোট ২০ জন সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের সমর্থনে পঞ্চায়েতের প্রধান হিসেবে মেরি ওরাও এবং উপপ্রধান হিসেবে দীপঙ্কর সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন প্রধান জানিয়েছেন, দলমত নির্বিশেষে গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়ন এবং পরিষেবা সচল রাখাই তাঁদের মূল লক্ষ্য। স্থানীয় বিধায়ক শুক্রা মুন্ডা নতুন বোর্ডকে স্বাগত জানিয়ে এলাকার থমকে থাকা কাজে গতি আসার আশা প্রকাশ করেছেন।
দীর্ঘদিন প্রধান ও উপপ্রধানের পদ শূন্য থাকায় রাস্তাঘাট সংস্কার, জঞ্জাল নিষ্কাশন, পানীয় জল সরবরাহ এবং আবাসিক শংসাপত্র প্রদানের মতো নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছিল। নতুন বোর্ড গঠনের ফলে পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। বোর্ড গঠন প্রক্রিয়া ঘিরে যাতে কোনো অশান্তি না হয়, তার জন্য মালবাজার থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
