ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। জেলাশাসকের নির্দেশে বাড়ি ভাঙার কাজ শুরু হলেও, শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষ এই পদক্ষেপে সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন। আগামী সোমবার দুপুর দুটো পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। ভাইফোঁটার দিন সকালে স্থানীয় প্রশাসন এই ভাঙার অভিযান শুরু করেছিল।
বাড়ির আসবাবপত্র সরিয়ে কাজ শুরু হলেও, তৃণমূল নেতার পরিবারের দাবি, ভাঙার আগে তাঁদের কোনো আইনি নোটিস দেওয়া হয়নি। এই অভিযোগ তুলেই তাঁরা আদালতের দ্বারস্থ হন। শুনানিতে বিচারপতি বাড়ির অনুমোদিত নকশা এবং মালিকানার নথি দেখতে চেয়েছেন। জাহাঙ্গিরের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল ও তাঁর স্ত্রী বর্তমানে জেলে রয়েছেন এবং তাঁদের ছেলে বাড়িতে থাকেন না। জেলবন্দি থাকার বিষয়টি জানার পরেও জেলা পরিষদ নোটিশ পাঠানোর যথাযথ উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তোলা হয়েছে।
পাশাপাশি, নকশা চুরি যাওয়ার অভিযোগ কেন আগে থানায় জানানো হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। একই সঙ্গে প্রশাসনের নোটিশ জারির পদ্ধতি নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে ব্যাখ্যা চেয়েছেন বিচারপতি। বাড়ি ভাঙার আগে নোটিশ জারির প্রক্রিয়ার পূর্ণাঙ্গ ভিডিয়ো রেকর্ডিং আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার পরবর্তী শুনানিতে আদালত এই নথি খতিয়ে দেখবে। উল্লেখ্য, ফলতার শ্রীরামপুরে দোতলার বেশি বাড়ি নির্মাণের ক্ষেত্রে জেলা পরিষদের অনুমোদন থাকা বাধ্যতামূলক। জাহাঙ্গিরের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়েছিল কি না, তা নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতেই প্রশাসন তদন্ত শুরু করেছিল।
