তৃণমূল নেতা অতীন ঘোষের স্বস্তি! জমি দুর্নীতি মামলায় কড়া নির্দেশ হাই কোর্টের, মিলল না গ্রেফতারির আশঙ্কা – এবেলা

এবেলা ডেস্কঃ
আইনি লড়াইয়ে বড়সড় স্বস্তি পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। জমি দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাই কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, মামলা বিচারাধীন থাকা অবস্থায় তাঁকে কোনোভাবেই গ্রেফতার করা যাবে না।
সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে অতীন ঘোষের আগাম জামিন মামলার শুনানি ছিল। মামলাকারীর পক্ষে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং রাজ্যের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী কল্লোল মণ্ডল। তবে কিছু অনিবার্য কারণে সোমবার মামলার মূল শুনানি কিছুটা পিছিয়ে যায়।
শুনানি পিছিয়ে যাওয়ার পরেই রাজ্যের উদ্দেশে কড়া বার্তা দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি স্পষ্ট নির্দেশ দেন, মামলাকারীকে যেন কোনোভাবেই গ্রেফতার করা না হয়। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, অনেক ক্ষেত্রেই দেখা যায় রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগের দিনই পুলিশ তড়িঘড়ি গ্রেফতারির মতো কঠোর পদক্ষেপ করে।
অন্যদিকে, রাজ্যের আইনজীবী আদালতকে আশ্বস্ত করে জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেখা হবে এবং মামলা বিচারাধীন থাকা অবস্থায় কোনো কঠোর পদক্ষেপ করা হবে না। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে পুনরায় স্পষ্ট নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়। উল্লেখ্য, এদিন অন্য একটি মামলার শুনানিতেও পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, পুলিশ কেন আদালতের উপর আস্থা রাখতে পারছে না?
প্রসঙ্গত, জমি দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা অতীন ঘোষ। ওই একই মামলায় অতীন ঘোষ ও তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে তলব করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশের সেই পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করেই উচ্চ আদালতের শরণাপন্ন হন তিনি। হাই কোর্টের এই অন্তর্বর্তী সুরক্ষায় আপাতত বড় স্বস্তি পেলেন প্রাক্তন ডেপুটি মেয়র।
