তৈমুর-জেহদের মনে যুদ্ধের আতঙ্ক! সীমান্তে গিয়ে যা করলেন সাইফ আলি খান? – এবেলা

এবেলা ডেস্কঃ
বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা যুদ্ধ ও সংঘাতের আবহে ভয়ে দিন কাটাচ্ছে বলিউড অভিনেতা সাইফ আলি খানের দুই ছেলে তৈমুর ও জেহ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সাইফ জানান, তাঁদের মনে যুদ্ধের নানা প্রশ্ন উঁকি দেয়—কে তাদের সুরক্ষা দিচ্ছে কিংবা পরিস্থিতি আরও খারাপ হবে কি না। সন্তানদের এই ভীতি কাটাতে তাদের ভারতীয় সেনার সাহসিকতার গল্প শোনান অভিনেতা। তিনি জানান, দেশের জওয়ানরাই দিনরাত এক করে ভারতবাসীকে সুরক্ষিত রাখছেন। সেনাবাহিনীর প্রতি এই শ্রদ্ধা ও গর্বের কথা সন্তানদের মনে গভীর প্রভাব ফেলেছে।
এই অনুভূতির মাঝেই স্বাধীনতা দিবসের বিশেষ দিনে সশরীরে সীমান্তে গিয়ে ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটিয়েছেন সাইফ। ১৫ অগস্ট জম্মু-কাশ্মীরের উরিতে নিয়ন্ত্রণরেখার কাছাকাছি ঐতিহাসিক কামান আমন সেতুতে পৌঁছন তিনি। সেখানে জওয়ানদের সঙ্গে কথা বলার পাশাপাশি সেতুটির ইতিহাস ও গুরুত্ব সম্পর্কেও ওয়াকিবহাল হন অভিনেতা। ঝিলম নদীর উপর অবস্থিত এই ‘ব্রিজ অফ পিস’-এ সাইফের উপস্থিতি এবং জওয়ানদের সঙ্গে তাঁর এই উদযাপন স্বাধীনতা দিবসকে এক অনন্য মাত্রা দিয়েছে।
