‘দিনে ৪ ঘণ্টা কাটছে রাস্তাতেই!’ যাতায়াতের যন্ত্রণায় পদত্যাগ প্রাক্তন বিচারপতির – এবেলা

এবেলা ডেস্কঃ
সল্টলেকের বাড়ি থেকে জোকা ট্রাইব্যুনালের দফতর—দৈনিক যাতায়াতেই কেটে যাচ্ছে প্রায় চার ঘণ্টা! বেহাল রাস্তা আর দমবন্ধ করা যানজটের যন্ত্রণা সামলাতে না পেরে এবার এসআইআর (SIR) ট্রাইব্যুনাল থেকে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। আগামী ২ নভেম্বর থেকে তাঁর এই পদত্যাগ কার্যকর হতে চলেছে।
কেন এই চরম সিদ্ধান্ত? চলতি বছরের এপ্রিল মাসে এসআইআর সংক্রান্ত আপিল শুনানির দায়িত্ব নেন প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। তাঁর মূল দায়িত্বে রয়েছে মুর্শিদাবাদ জেলা সংক্রান্ত যাবতীয় আপিল শুনানি। কিন্তু দফতর জোকায় হওয়ায় প্রতিদিন সল্টলেক থেকে যাতায়াত করতেই দিনে প্রায় চার ঘণ্টা কেটে যাচ্ছে রাস্তাতে। রাস্তার দুরবস্থা ও দীর্ঘ যানজটের কারণে নিয়মিত কাজ চালানো কার্যত আসাম্ভব হয়ে উঠেছে বলে জানান তিনি।
বাড়ি থেকে কাজের প্রস্তাব তবে দায়িত্ব পালনে পুরোপুরি না করেননি তিনি। প্রাক্তন বিচারপতির ইঙ্গিত, ট্রাইব্যুনালের দফতর যদি সল্টলেক বা তার কাছাকাছি কোথাও সরানো হয়, কিংবা তাঁকে বাড়ি থেকে কাজ (Work From Home) করার অনুমতি দেওয়া হয়, তবে তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন।
৭.৪ লাখ মামলার পাহাড় শুধু যাতায়াতই নয়, কাজের পাহাড়প্রমাণ চাপকেও এই সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। সূত্রের খবর, বর্তমানে মুর্শিদাবাদ সংক্রান্ত প্রায় ৭,৪৭,৬২১টি আপিল মামলা বিচারাধীন রয়েছে। এত বিপুল সংখ্যক মামলা সামলানোর পাশাপাশি প্রতিদিন দীর্ঘ ও ক্লান্তিকর পথ অতিক্রম করা তাঁর পক্ষে মারাত্মক চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছিল।
