দিল্লি কাঁপছে সিজেপি আন্দোলনে! মীনাক্ষী-সুজনদের আটকের পর উত্তপ্ত রাজধানীতে ইন্টারনেট বন্ধ, চত্বরে জারি ১৬৩ ধারা – এবেলা

এবেলা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র যন্তর মন্তর অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লি। পূর্বঘোষিত কর্মসূচির অনুমতি না থাকায় পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। যন্তর মন্তরে পৌঁছানোর আগেই সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, সুজন চক্রবর্তী এবং জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি সহ একাধিক আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ। আটকের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মধ্য দিল্লির বিভিন্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা বলবৎ করা হয়েছে এবং শহরজুড়ে ২৬ হাজারেরও বেশি পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং সহিংসতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনপথ ও কর্তব্যপথ ক্রসিং সংলগ্ন এলাকায় ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণের কারণে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে, যার ফলে কলকাতা থেকে দিল্লিগামী জোড়া রাজধানী এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। সমস্ত বাধা সত্ত্বেও আন্দোলনকারীরা কর্মসূচি চালিয়ে যাওয়ার অনড় অবস্থান নেওয়ায় রাজধানীতে চরম রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন তৈরি হয়েছে।
