দিল্লি বিমানবন্দরে স্পাইসজেটের ফ্লাইট বাতিল ঘিরে যাত্রীদের তুমুল বিক্ষোভ

দিল্লি থেকে মুম্বইগামী স্পাইসজেটের ‘SG 603’ ফ্লাইটটি কোনো পূর্বঘোষণা ছাড়াই বাতিল করা হয়। এর ফলে বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। ফ্লাইট বাতিলের কারণ জানতে চেয়ে যাত্রীরা স্পাইসজেটের চেক-ইন কাউন্টারে কর্মীদের কাছে জবাবদিহি দাবি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভের সময় স্পাইসজেট কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন যাত্রীরা। অভিযোগ, উত্তেজনার মুহূর্তে এক কর্মী যাত্রীদের উদ্দেশে ‘বাইরে দেখা করুন, তার পরে বলছি’ বলে মন্তব্য করেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যাত্রীদের ক্ষোভ ও তর্কের দৃশ্য দেখা গিয়েছে। শনিবার সকাল পর্যন্ত এ বিষয়ে স্পাইসজেট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে স্পাইসজেটের পরিষেবা ও পরিচালনাগত সংকট নিয়ে প্রশ্ন উঠছে। চলতি বছরের জানুয়ারিতে সংস্থার বাজার অংশীদারিত্ব ৩.৯ শতাংশ থাকলেও সেপ্টেম্বরে তা কমে ০.৬ শতাংশে নেমে এসেছে। বর্তমানে সংস্থাটির হাতে মাত্র ৫টি চালু বিমান রয়েছে। এই পরিস্থিতিতে গত ১৭ নভেম্বর অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) স্পাইসজেটকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে। পরিচালনাগত গাফিলতি ও নিয়ম লঙ্ঘনের আটটি অভিযোগের ভিত্তিতে এই নোটিস দেওয়া হয়েছে।
