ভারত সফরে পাক মন্ত্রী মুসাদ্দিক মালিকের গতিবিধিতে কড়া বিধিনিষেধ

ভারত সফরে পাক মন্ত্রী মুসাদ্দিক মালিকের গতিবিধিতে কড়া বিধিনিষেধ

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে বর্তমানে ভারতে রয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী মুসাদ্দিক মালিক। ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তবে এই সফর ঘিরে ভারত সরকার বেশ কিছু কড়া বিধিনিষেধ আরোপ করেছে। এসসিও-র নির্ধারিত কর্মসূচির বাইরে অন্য কোনো স্থানে যাওয়ার অনুমতি তাঁকে দেওয়া হয়নি।

সূত্রের খবর, দিল্লি সফরের সময় মুসাদ্দিক মালিক আগ্রার তাজমহল এবং দিল্লির নিজামুদ্দিন দরগা দর্শনের পরিকল্পনা করেছিলেন। এর জন্য তিনি অনুমতিও চেয়েছিলেন, কিন্তু ভারত সরকার সেই আবেদন মঞ্জুর করেনি। তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ভারতে থাকাকালীন তিনি শুধুমাত্র এসসিও-র আনুষ্ঠানিক কর্মসূচিতেই অংশ নিতে পারবেন। এর বাইরে কোনো ব্যক্তিগত বা অন্য কোনো কর্মসূচিতে যোগ দেওয়ার সুযোগ নেই।

উল্লেখ্য, ২০২৩ সালে গোয়ায় এসসিও বৈঠকে তৎকালীন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সফরের পর এই প্রথম পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারতে এলেন। গত ২৮ অক্টোবর ভারত সরকার এসসিও-র সদস্য দেশ হিসেবে পাকিস্তানকে এই সম্মেলনে আমন্ত্রণ জানায়। ২০০১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের সদস্য হিসেবে ২০১৭ সালে ভারত ও পাকিস্তান স্থায়ীভাবে যুক্ত হয়। সাম্প্রতিক এই সফরটি কূটনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *