দুপুরে তালা মেরে যাওয়ার পরই সর্বনাশ, মালদার রেল কোয়ার্টারে দিনের আলোয় বিপুল লুটপাট – এবেলা

দুপুরে তালা মেরে যাওয়ার পরই সর্বনাশ, মালদার রেল কোয়ার্টারে দিনের আলোয় বিপুল লুটপাট – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনি এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত বুধবার দুপুরে রেলকর্মী মনোজকুমার আগরওয়াল স্ত্রীকে নিয়ে মহানন্দাপল্লির নতুন বাড়িতে যান। বেলা দেড়টা নাগাদ ফিরে এসে তাঁরা দেখেন, রেল কোয়ার্টারের একটি জানালা ভাঙা এবং ঘরের ভেতরের আলমারির লকার সাফ হয়ে গেছে। দুষ্কৃতীরা দিনের আলোয় কোয়ার্টারে ঢুকে লক্ষাধিক নগদ টাকা এবং কয়েক লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে এই কাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ।

এই ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অপরাধীদের চিহ্নিত করতে আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার পর বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও শুক্রবার পর্যন্ত এই চুরির ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং খোয়া যাওয়া বিপুল পরিমাণ নগদ বা গয়নারও কোনো হদিশ মেলেনি। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন কয়েকজনের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারসহ সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *