দুর্গাপুরে বিজেপি কর্মী খুনে ১০ লক্ষ টাকা ও চাকরির আশ্বাস শুভেন্দু অধিকারীর

দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকায় শ্যাম কুমার দাস নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে কালীপুজোর বিসর্জন শেষে জব্বর পল্লিতে খাওয়াদাওয়ার আয়োজন চলাকালীন এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, জমি সংক্রান্ত পুরনো বিবাদকে কেন্দ্র করে স্থানীয় অজয় নন্দী ও বিজয় নন্দীর সঙ্গে শ্যাম কুমার দাসের বচসা শুরু হয়। এরপরই বাঁশ, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় ফরিদপুর থানার পুলিশ বিজয় নন্দী ও প্রসূন পাণ্ডেকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তবে মূল অভিযুক্ত অজয় নন্দী-সহ আরও কয়েকজন এখনও পলাতক রয়েছে এবং তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয়দের একাংশের অভিযোগ, জব্বর পল্লি এলাকায় দীর্ঘদিন ধরেই সিন্ডিকেট রাজকে কেন্দ্র করে অশান্তি চলছে।
বাঁকুড়া সফরে যাওয়ার পথে অন্ডাল বিমানবন্দরে দাঁড়িয়ে নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, বিরোধী দলনেতা নিহতের পরিবারের হাতে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, পশ্চিম বর্ধমানের জেলাশাসককে মৃত কর্মীর স্ত্রীকে রাজ্য সরকারের কোনো দফতরে অস্থায়ী পদে নিয়োগের ব্যবস্থা করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
