দেশের প্রথম আইআইটি হিসেবে খড়গপুরে চালু হচ্ছে এমডি কোর্স

দেশের প্রথম আইআইটি হিসেবে খড়গপুরে চালু হচ্ছে এমডি কোর্স

দেশের উচ্চশিক্ষা ও চিকিৎসা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এই প্রথম ভারতের কোনো আইআইটি-তে স্নাতকোত্তর মেডিক্যাল বা এমডি কোর্স চালুর আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেছে। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের স্বীকৃতি পাওয়ার পর এবার খড়গপুর আইআইটির ডক্টর বিসি রায় মাল্টি স্পেশ্যালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারে চিকিৎসা বিজ্ঞানের উচ্চশিক্ষা অর্জনের সুযোগ তৈরি হলো। ২০২৬-’২৭ শিক্ষাবর্ষ থেকেই এই কোর্সের প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে।

প্রাথমিক পর্যায়ে মোট ছয়টি বিভাগে এমডি কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিভাগগুলি হলো জেনারেল মেডিসিন, রেডিওলজি, ফিজিওলজি, প্যাথলজি, কমিউনিটি মেডিসিন এবং বায়োকেমিস্ট্রি। প্রতিটি বিভাগে দুটি করে মোট ১২টি আসন বরাদ্দ করা হয়েছে। আইআইটি খড়গপুর কর্তৃপক্ষের লক্ষ্য হলো গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে চিকিৎসা শিক্ষাকে আরও আধুনিক করে তোলা, যাতে উন্নত প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন দক্ষ চিকিৎসক ও উদ্ভাবক তৈরি করা সম্ভব হয়।

বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার এই মেলবন্ধন দেশের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে একটি দূরদর্শী পদক্ষেপ। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিক্যাল সায়েন্স এবং ট্রান্সলেশনাল রিসার্চের মতো অত্যাধুনিক ক্ষেত্রগুলি আরও সমৃদ্ধ হবে। ২০২৬-’২৭ শিক্ষাবর্ষে ‘নিট-পিজি’ অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমেই এই কোর্সগুলিতে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। কাউন্সেলিংয়ের সময়সূচি ও যোগ্যতার মাপকাঠি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রতিষ্ঠানের অফিসিয়াল পোর্টালে প্রকাশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *