টিফিন কৌটোতেই তৈরি করুন সুস্বাদু কাতলা ভাপা

সাধারণত ভাপা ইলিশ বা ভেটকি অনেকেরই পছন্দের হলেও রোজকার পাতে দামী মাছ খাওয়া সবসময় সম্ভব হয় না। সেক্ষেত্রে কাতলা মাছ দিয়েও বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় সুস্বাদু ভাপা। রান্নার জন্য একটি স্টিলের টিফিন কৌটো ব্যবহার করলেই যথেষ্ট। তবে ইলিশ বা ভেটকির মতো কাতলা মাছ সরাসরি ভাপে না বসিয়ে আগে হালকা ভেজে নেওয়া প্রয়োজন। মাছ ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিন, যাতে মাছের কাঁচা ভাব দূর হয়। খুব বেশি লাল বা মুচমুচে করার প্রয়োজন নেই।
রান্নার জন্য সাদা সর্ষে, পোস্ত এবং কয়েকটি কাঁচালঙ্কা একসঙ্গে মিহি করে বেটে নিন। এই মিশ্রণে সামান্য নুন, হলুদ, সর্ষের তেল এবং স্বাদের জন্য অল্প টক দই মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। একটি স্টিলের টিফিন কৌটোয় সামান্য সর্ষের তেল মাখিয়ে ভাজা মাছের টুকরোগুলি সাজিয়ে দিন। এরপর তৈরি করে রাখা সর্ষে-পোস্তর মিশ্রণটি মাছের ওপর ঢেলে দিন। ওপরে কয়েকটি চেরা কাঁচালঙ্কা ও সামান্য সর্ষের তেল ছড়িয়ে কৌটোর ঢাকনা ভালো করে বন্ধ করে দিন।
এবার একটি বড় হাঁড়িতে জল গরম করে তার মধ্যে কৌটোটি বসিয়ে দিন। মাঝারি আঁচে ১৫ থেকে ২০ মিনিট ভাপালেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কাতলা মাছ ভাপা। গরম ভাতের সঙ্গে এই পদ পরিবেশন করলে এর স্বাদ ইলিশ মাছের মতোই অতুলনীয় মনে হতে পারে। খুব কম সময়ে এবং সাধারণ উপকরণে তৈরি এই পদটি দুপুরের খাবারের জন্য দারুণ একটি বিকল্প হতে পারে।
