দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই আগরতলার ২৪ নম্বর ওয়ার্ডে জোরকদমে প্রচার বিজেপি প্রার্থীর

প্রতিকূল আবহাওয়া এবং টানা বৃষ্টিকে উপেক্ষা করেই শুক্রবার সকালে আগরতলা পুর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী সুখময় সাহা। দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। ভোটারদের দরজায় পৌঁছে তিনি আসন্ন নির্বাচনে দলের পক্ষে সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করেন।
শুধুমাত্র ভোট চাওয়ার মধ্যেই নিজের প্রচার সীমাবদ্ধ রাখেননি বিজেপি প্রার্থী। এলাকার বাসিন্দাদের দৈনন্দিন সমস্যা, অভাব-অভিযোগ এবং নাগরিক পরিষেবার বিভিন্ন দিক নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। বাসিন্দাদের প্রত্যাশা ও এলাকার উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব সহকারে শোনার পাশাপাশি সমাধানের আশ্বাসও দেন তিনি।
প্রচারের শেষে সুখময় সাহা জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সাধারণ মানুষের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থন তাঁকে নির্বাচনী লড়াইয়ে আরও উৎসাহিত করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি এবং নির্বাচনী উত্তাপ—এই দুইয়ের মধ্যেই ২৪ নম্বর ওয়ার্ডের ভোটারদের মন জয়ের লক্ষ্যে নিজের প্রচার কর্মসূচি অব্যাহত রেখেছেন তিনি।
