‘দেখা যায় না, বুক চিরে যায়!’ নেপালের মহাপ্লাবনে শিউরে উঠলেন বিগ বি – এবেলা

এবেলা ডেস্কঃ
উৎসবের রঙিন আবহ ভুলে এখন প্রকৃতির রোষ দেখে স্তম্ভিত বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। রাখিবন্ধনের আনন্দে মেতে ওঠার দিনেই নেপালের ভয়াবহ বন্যা ও বিপর্যয় দেখে শিহরিত হয়ে উঠেছেন তিনি। বিপর্যয়ের সেই ছবি দেখে নিজের ব্লগ হ্যান্ডেলে ক্ষোভ ও যন্ত্রণার কথা ভাগ করে নিয়েছেন বিগ বি। তিনি স্পষ্ট জানান, নেপাল থেকে আসা এই ধ্বংসের দৃশ্য মানুষের পক্ষে সহ্য করা সত্যি আসাম্ভব।
গত ২৬ আগস্ট নেপালের চিন সীমান্ত ঘেঁষা হিমালয় অঞ্চলে পাথর ও বরফের ভয়াবহ ধস নামার পর থেকে শুরু হয় এই ধ্বংসলীলা। সেই ধসের পরই সৃষ্টি হয় প্রলয়ঙ্করি হড়পা বান। মুহূর্তের মধ্যে কাদা, জল আর পাথরের তোড়ে তছনছ হয়ে যায় বিস্তীর্ণ লোকালয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নেপাল ও তিব্বত মিলিয়ে নিহতের সংখ্যা ৫৮৪ ছাড়িয়ে গেছে। এর মধ্যে কেবল নেপাতেই প্রাণ হারিয়েছেন ৫৭৯ জন এবং নিখোঁজ রয়েছেন প্রায় ১,৯০০ জন মানুষ।
প্রকৃতির এই রুদ্র রূপের সামনে মানুষ যে কতটা অসহায়, সে কথা স্মরণ করিয়ে অমিতাভ ক্ষোভ প্রকাশ করেছেন। একই সাথে উৎসবের দিনেও এমন মর্মান্তিক পরিস্থিতিতে বিপন্ন মানুষগুলোর জন্য ঈশ্বর ও সর্বশক্তিমানের কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি। উৎসবের আবহেই বর্ষীয়ান এই অভিনেতার এমন আবেগঘন পোস্ট ছড়িয়ে পড়ার পর থেকেই নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় উদ্বেগের ছায়া নেমে এসেছে।
