ধর্মনগর পুর নির্বাচনে ২৫টি আসনেই জয়ের ডাক মুখ্যমন্ত্রী ডাঃ সাহার

প্রতিকূল আবহাওয়া ও অবিরাম বৃষ্টি উপেক্ষা করেই ধর্মনগরে বিজেপির নির্বাচনী জনসভায় হাজার হাজার কর্মী-সমর্থক উপস্থিত হন। শুক্রবার জলসাগরে কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ধর্মনগরে পৌঁছান। সেখানে একটি বর্ণাঢ্য রোড শো-এর মাধ্যমে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন। বৃষ্টির কারণে প্রচারে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকলেও বাস্তবে তা হয়নি, বরং সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিজেপি শিবিরে বাড়তি উৎসাহ জোগায়।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিগত সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমুখী প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও যোগাযোগ পরিকাঠামোর উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে বলে তিনি দাবি করেন এবং সরকারের উন্নয়নমূলক উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
আসন্ন ধর্মনগর পুর পরিষদ নির্বাচনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ২৫টি আসনেই বিজেপির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য দলীয় কর্মী ও সাধারণ মানুষের কাছে আবেদন জানান। তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিটি ভোটারের কাছে পৌঁছে সরকারের কাজের কথা তুলে ধরার নির্দেশ দেন। এই জনসভায় বিধায়ক জহর চক্রবর্তী, জেলা সভাপতি কাজল দাসসহ দলের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
