ধর্ম বদলালেই কি মুছে যায় বৈষম্য? মাদ্রাজ হাই কোর্টের ঐতিহাসিক রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট! – এবেলা

এবেলা ডেস্কঃ
হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের অনগ্রসর মুসলিম বা বিসিএম কোটার আওতায় সংরক্ষণ দেওয়ার তামিলনাড়ু সরকারের সিদ্ধান্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চ পরিষ্কার জানিয়েছে, ধর্মান্তরের আগের সামাজিক অনগ্রসরতার ভিত্তিতে সংরক্ষণের সুবিধা দাবি করা যায় না। সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, যে ব্যক্তি হিন্দু সমাজ ব্যবস্থা থেকে অ-হিন্দু সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হন, তিনি সংবিধানের ১৬(৪) অনুচ্ছেদের অধীনে বিশেষ সুরক্ষার দাবিদার হতে পারেন না। এর ফলে মাদ্রাজ হাই কোর্টের পূর্বের রায়ই বহাল রইল।
২০২৪ সালের মার্চ মাসে তামিলনাড়ু সরকার একটি নির্দেশিকা জারি করেছিল। তাতে বলা হয়, বিসি, এমবিসি, ডিএনসি এবং এসসি তালিকাভুক্ত যে সমস্ত ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাঁরাও বিসিএম ক্যাটাগরির সামাজিক সার্টিফিকেট পাওয়ার যোগ্য। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা গড়ায়। রাজ্য সরকারের যুক্তি ছিল, ধর্ম বদলালেও বর্ণপ্রথার সঙ্গে জড়িত সামাজিক ও শিক্ষাগত অসুবিধা রাতারাতি দূর হয় না। তবে শীর্ষ আদালত এই যুক্তি খারিজ করে জানিয়ে দিয়েছে, ১৯৫০ সালের সংবিধানের আদেশ অনুযায়ী নির্দিষ্ট গণ্ডির বাইরে এই সুবিধা সম্প্রসারিত করা সম্ভব নয়।
