ধোনির অবসরে আবেগপ্রবণ ঈশান কিষান, কুর্নিশ জানালেন মাহি ভাইয়ের অবদানকে

আইপিএল থেকে মহেন্দ্র সিং ধোনির অবসরের খবরে মন খারাপ ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষানের। ছোটবেলা থেকেই ধোনিকে আদর্শ মেনে বড় হয়েছেন তিনি। ঝাড়খণ্ডের হয়ে খেলার সুবাদে প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক।
পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঈশান জানান, ধোনি নিজেই মনে করেছেন এটিই সরে দাঁড়ানোর সঠিক সময়, তাই তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। ধোনির অবদান কেবল ট্রফি বা রেকর্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করা এবং ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মকে পথ দেখানোই ধোনির অন্যতম বড় কৃতিত্ব।
ঈশানের কথায়, দেশের জন্য মাহি ভাই যা করেছেন, তা অতুলনীয়। খুব কম ক্রিকেটারই এতটা অবদান রাখতে পেরেছেন। তাই তাঁর অবসরের খবরে মন খারাপ হলেও, দেশের ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের জন্য গর্বিত হওয়া উচিত। ১৮ বছর বয়সে প্রথমবার ধোনির সঙ্গে দেখা হওয়ার সময় নিজের ব্যাটে অটোগ্রাফ নিয়েছিলেন ঈশান। ঝাড়খণ্ডের হয়ে খেলার সময় ধোনির কাছ থেকে খেলার খুঁটিনাটি ও ফিটনেস নিয়ে নিয়মিত পরামর্শ পেতেন তিনি।
ধোনির মানসিকতা, ধৈর্য এবং খেলার প্রতি দৃষ্টিভঙ্গি থেকে এখনও অনেক কিছু শেখার আছে বলে মনে করেন ঈশান। খেলোয়াড় হিসেবে আইপিএলে দীর্ঘ অধ্যায়ের ইতি টানলেও, মেন্টর হিসেবে ধোনি আগামী দিনেও তরুণ ক্রিকেটারদের পথপ্রদর্শক হয়ে থাকবেন বলে বিশ্বাস তাঁর।
