নবান্নে শুভেন্দু ও প্রসূন মুখোপাধ্যায়ের বৈঠক ঘিরে বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের শিল্পায়ন ও কর্মসংস্থানের খরা কাটাতে এক ইতিবাচক মোড় নিতে চলেছে নবান্ন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সিঙ্গাপুর-ভিত্তিক বহুজাতিক সংস্থা ‘ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজেস লিমিটেড’-এর চেয়ারম্যান, প্রবাসী বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের মধ্যে একটি সৌজন্যমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর রাজ্যের অর্থনৈতিক বিকাশে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই শুভেন্দু অধিকারী রাজ্যে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির ওপর বিশেষ জোর দিয়েছেন। সেই লক্ষ্যেই এই হাই-প্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হলো। মুখ্যমন্ত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এই সাক্ষাতের ছবি পোস্ট করে এটিকে একটি ‘ফলপ্রসূ সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার প্রয়াস’ বলে উল্লেখ করেছেন। তিনি আশাপ্রকাশ করেছেন যে, এই আলোচনার মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের জন্য নতুন সুযোগ ও প্রবৃদ্ধির ক্ষেত্র উন্মোচন হবে। একই সাথে রাজ্যের শিল্পায়নে টাটাকে ফিরিয়ে আনার ব্যাপারেও নতুন শাসক দলের নেতা-মন্ত্রীরা তৎপরতা শুরু করেছেন।
বিনিয়োগের নতুন দিগন্ত ও সম্ভাব্য প্রভাব
এই বৈঠকের মূল কারণ হিসেবে উঠে আসছে রাজ্যের শিল্প পরিকাঠামোকে চাঙ্গা করার তাগিদ। প্রসূন মুখোপাধ্যায়ের সংস্থা পরিকাঠামো উন্নয়ন, আবাসন এবং শক্তি ক্ষেত্রে বিশ্বজুড়ে কাজ করে। ফলে, বাংলায় তাদের বিনিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা রাজ্যের ঝিমিয়ে পড়া শিল্পক্ষেত্রে নতুন জোয়ার আনতে পারে। বিশেষ করে আইটি, লজিস্টিকস এবং রিয়েল এস্টেট খাতে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
বাংলায় যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি হচ্ছে, তার লক্ষণ ইতিমধ্যেই স্পষ্ট। গুজরাটের খ্যাতনামা দুগ্ধ উৎপাদনকারী সংস্থা ‘আমূল’ হাওড়ার সাঁকরাইলে দেশের অন্যতম বৃহৎ দই উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে বড়সড় বিনিয়োগ করছে। পাশাপাশি উত্তরবঙ্গেও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের। আমূলের এই পদক্ষেপের পর প্রসূন মুখোপাধ্যায়ের মতো বড় প্রবাসী বাঙালি শিল্পপতির নবান্নে আগমন রাজ্যের শিল্প খাতের জন্য অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত বহন করছে।
It was a pleasure meeting Mr. Prasoon Mukherjee; Chairman of Universal Success Enterprises Limited; a Singapore headquartered Multinational Company, who paid a courtesy visit today at Nabanna.
Looking forward to fostering impactful collaborations like this for exploring potential… pic.twitter.com/hP1aRoGn4o— Suvendu Adhikari (@SuvenduWB) June 15, 2026
