নয়চরে বিশাল মৎস্যহাব, দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর! জেলাকে ঢেলে সাজাতে মাস্টারপ্ল্যান মুখ্যমন্ত্রী শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: হলদিয়ার নয়াচর এবং দাদনপাত্রবাড়ের ভোলবদল করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অঞ্চলগুলির অর্থনৈতিক উন্নয়নে একাধিক বড় ঘোষণা করেছেন। নয়াচরে পূর্বঘোষিত মৎস্যহাব (Fisheries Hub) গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
মুখ্যমন্ত্রী জানান, বন্দরের নাব্যতা বাড়ানোর জন্য দ্রুত ড্রেজিং বা পলি তোলার কাজ শুরু করা হবে। এর পাশাপাশি, ওই অঞ্চলের বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি নতুন বিনিয়োগ ও শিল্প আনার প্রক্রিয়াও শুরু হচ্ছে।
সবচেয়ে বড় চমক হিসেবে দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর (Deep Sea Port) গড়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ওখানে সরকারের নিজস্ব জমি রয়েছে। সমুদ্রবন্দর গড়ে উঠলে তা রাজ্যের জন্য একটা বিশাল সাফল্য হবে। এই বন্দরের হাত ধরে গোটা এলাকার অর্থনীতিই বদলে যাবে।” সমগ্র জেলাকে নতুন অর্থনৈতিক মানচিত্রে স্থান দিতে এবং কর্মসংস্থান বাড়াতে সরকার এক মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলেও জানান তিনি।
