নরেন্দ্র মোদীর ২৫ বছরের শাসনকাল নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন নীতি আয়োগের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালের ২৫ বছর পূর্তি উপলক্ষে নীতি আয়োগ বিশেষ কর্মশালার আয়োজন করেছে। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ২০২৬ সালের ৭ অক্টোবর তাঁর শাসনকালের ২৫ বছর পূর্ণ হবে। এই দীর্ঘ সময়কালকে কেন্দ্র করে নীতি আয়োগ পাঁচটি জাতীয় কর্মশালার পরিকল্পনা করেছে, যার মূল লক্ষ্য হলো তাঁর রাজনৈতিক অভিজ্ঞতাসমূহ নথিবদ্ধ করে তা দেশের কাজে লাগানো।
সোমবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে ‘লিডারশিপ অ্যাজ মিশন’ শীর্ষক প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হবে। এতে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে নেতৃত্বের বিকাশ এবং তা কীভাবে নাগরিকদের উপকারে আসে, তা নিয়ে আলোচনা করা হবে। অনুষ্ঠানে কচ্ছের পুনর্গঠন নিয়ে অভিজ্ঞতার কথা তুলে ধরবেন অতিরিক্ত মুখ্য সচিব রাজীব টপনো। এছাড়া ‘লিডারশিপ ফর বিকশিত ভারত’ বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট সরকারি আধিকারিক ও শিক্ষাবিদরা।
এই কর্মশালায় প্রায় ৯০০ জন অংশগ্রহণ করবেন, যার মধ্যে ১৫০ জন সরকারি আধিকারিক, ২৫ জন শিক্ষার্থী এবং ৫০ জন কমিউনিটি পার্টনার রয়েছেন। অনুষ্ঠানের সমাপ্তি পর্বে ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথন ‘কর্মযোগী সংকল্প’-এর সূচনা করবেন, যার মাধ্যমে সরকারি আধিকারিকরা নেতৃত্বে পরিবর্তনের প্রতিশ্রুতি দেবেন। পুরো অনুষ্ঠানটি আইগট কর্মযোগী প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে।
পরবর্তী কর্মশালাগুলো ২০২৭ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এর বিষয়বস্তু হিসেবে গভর্নেন্স অ্যাজ ডেলিভারি, ডেভলপমেন্ট অ্যাজ ইনক্লুশন, সিভিলাইজেশনাল আইডেন্টিটি এবং ইন্ডিয়া অ্যাজ আ গ্লোবাল ফোর্স নির্ধারণ করা হয়েছে। ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের ‘অমৃত জ্ঞান কোষ’ উদ্যোগের আওতায় এই আলোচনাগুলো পরিচালিত হবে।
