নর্থইস্টকে ৭-২ গোলে পিষে আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল, মহারণে সামনে মোহনবাগান – এবেলা

নর্থইস্টকে ৭-২ গোলে পিষে আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল, মহারণে সামনে মোহনবাগান – এবেলা

এবেলা ডেস্কঃ

কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়েও নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে আইএফএ শিল্ডের ফাইনালে প্রবেশ করল ইস্টবেঙ্গল। দ্বিতীয় মিনিটে আলি আজারাইয়ের গোলে নর্থইস্ট এগিয়ে গেলেও দ্রুত ম্যাচে ফেরে লাল-হলুদ ব্রিগেড। ১১ মিনিটে ডেভিড লালহ্লানসাঙ্গার হেডে সমতায় ফেরার পর ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ইস্টবেঙ্গল। ২৩ মিনিটে রোহিত কুমার এবং ৪৩ মিনিটে ক্রিস ইকোনোমিডিসের গোলে প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেভিড নিজের দ্বিতীয় গোল করেন এবং ৫৬ মিনিটে দুর্দান্ত হ্যাটট্রিক সম্পূর্ণ করে স্কোরলাইন ৫-১ করেন।

নর্থইস্টের হয়ে ৮৩ মিনিটে আলি আজারাই ব্যবধান কমালেও ম্যাচের শেষলগ্নে ইস্টবেঙ্গলের আক্রমণ থামেনি। ৮৫ মিনিটে ক্লাবে নিজের অভিষেকেই দর্শনীয় ভলিতে গোল পান আকে লোবা এবং ৯১ মিনিটে অপর ডেবিউটান্ট লুকাস জভোলিনস্কির গোল ইস্টবেঙ্গলের ৭-২ গোলের বড় জয় নিশ্চিত করে। এই ঐতিহাসিক জয়ের সাথে সাথেই চলতি মরশুমের চতুর্থ কলকাতা ডার্বির মঞ্চ প্রস্তুত হয়ে গেল, যেখানে ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান। আইএফএ শিল্ডের ইতিহাসে ২৯ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবং ২১ বার শিরোপাজয়ী মোহনবাগানের মধ্যে আবারও একটি হাইভোল্টেজ লড়াইয়ের সাক্ষী হতে চলেছে ভারতীয় ফুটবল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *