শিষ্যের মৃত্যুর পরেই আশ্রম ছাড়লেন প্রেমানন্দ মহারাজ! নেপথ্যে কোন চাঞ্চল্যকর কারণ? – এবেলা

এবেলা ডেস্কঃ
বৃন্দাবনের কেলি কুঞ্জ আশ্রম ছেড়ে প্রায় কুড়ি কিলোমিটার দূরে বেলবনে চলে গিয়েছেন জনপ্রিয় সন্ত প্রেমানন্দ মহারাজ। গত ২৫ সেপ্টেম্বর মহারাজের শিষ্য দীপক লোধি ওরফে রসিক দুলারি শরণের রহস্যজনক মৃত্যুর পরই এই চাঞ্চল্যকর আশ্রম বদলের ঘটনা ঘটে। গুরু কৃপা কুঞ্জের চারতলা থেকে পড়ে ওই শিষ্যের মৃত্যুর পর থেকেই আশ্রমের অন্দরে তীব্র অসন্তোষ ও বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
এই মৃত্যুর মাঝেই আশ্রমের অন্দরের পরিস্থিতি ও জমি দখল নিয়ে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন হিন্দুত্ববাদী নেতা ও সন্তরা দাবি করেছেন, কিছু অসামাজিক ব্যক্তি বা নকল সন্ত মহারাজের ভাবমূর্তি ব্যবহার করে সম্পত্তি দখলের অপচেষ্টা চালাচ্ছেন। এমন পরিস্থিতিতে প্রেমানন্দ মহারাজ অত্যন্ত মর্মাহত হয়ে বেলবনে আশ্রয় নিয়েছেন। সাধুদের ভাবমূর্তি রক্ষা এবং এই ঘটনার নেপথ্যের সত্যতা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের জোরালো দাবি উঠেছে।
