নিজের কেন্দ্রেই মহুয়াকে লক্ষ্য করে ডিম-বৃষ্টি, কাঠগড়ায় পুলিশ – এবেলা

এবেলা ডেস্কঃ
September 16, 20268:52 pm
নদিয়ার তেহট্টে নিজস্ব লোকসভা কেন্দ্রে ফের তীব্র বিক্ষোভের মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বুধবার হাউলিয়া মোড়ে দলীয় কর্মিসভা সেরে ফেরার পথে তাঁকে ঘিরে কালো পতাকা প্রদর্শন, ‘গো ব্যাক’ স্লোগান এবং গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়ার ঘটনা ঘটে।
ঘটনার পরপরই গাড়ি থেকে ফেসবুক লাইভ করে নিজের ক্ষোভ উগরে দেন সাংসদ। লাইভে ছিটকে আসা ডিমের চিহ্ন দেখিয়ে মহুয়া দাবি করেন, কলকাতা হাইকোর্টের স্পষ্ট সুরক্ষানির্দেশ থাকা সত্ত্বেও অন ডিউটি পুলিশের উপস্থিতিতেই এই হেনস্থা চালানো হয়েছে। তিনি এই ঘটনাকে সরাসরি ‘আদালত অবমাননা’ বলে অভিহিত করেন এবং ক্ষোভ প্রকাশ করে বলেন, বিজেপি এসব আক্রমণ করে তাঁদের কর্মসূচি আটকাতে পারবে না; একটি সভা বন্ধ করার চেষ্টা হলে তাঁরা আরও ১০টি সভা করবেন।
ঘটনায় পাল্টা সাফাই দিয়েছে কৃষ্ণনগর জেলা পুলিশ। পুলিশ সুপার অতুল ভি কে জানান, আদালতের নির্দেশানুগ ৪৮ ঘণ্টা আগে কোথায় কোথায় সভা বা বৈঠক হবে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পুলিশকে দেওয়া হয়নি। সাংসদের কেবল নদিয়ায় উপস্থিতির ইমেল বার্তা পাওয়ায় সুরক্ষার্থে ২ জন পুলিশকর্মী পাঠানো হয়েছিল।
অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্যাৎ করেছেন নদিয়া উত্তর জেলা বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস। তাঁর পাল্টা দাবি, বিজেপি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। নিজেদের অপকর্ম ঢাকতে সব কিছুতেই বিজেপির ভূত দেখছেন সাংসদ, বাস্তবে এটি তৃণমূলেরই অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দলের ফল।
