‘স্বাধীনতা সংগ্রামীদের মতোই মুখোমুখি হলাম!’ হামলার পর বিচারপতিকে বিঁধে সরব মহুয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
September 16, 20268:45 pm
কৃষ্ণনগর: নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে দলীয় কর্মসূচিতে গিয়ে ফের বিক্ষোভ ও ‘ডিম হামলা’র মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। বুধবার নদিয়ার কৃষ্ণনগরে একটি দলীয় বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে ঘিরে ধরে কালো পতাকা দেখানো হয় এবং ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনার জন্য সরাসরি বিজেপি কর্মী-সমর্থকদের কাঠগড়ায় তুলেছেন সাংসদ।
বিচারপতিকে স্মরণ করে মহুয়ার তীক্ষ্ণ বার্তা ঘটনার পর সামাজিক মাধ্যমে সরব হন কৃষ্ণনগরের সাংসদ। পুলিশকে আগে থেকে জানানো সত্ত্বেও কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের একটি পুরোনো মন্তব্যের প্রসঙ্গ টেনে আনেন।
সম্প্রতি একটি মামলায় মহুয়ার আইনজীবী ডিম হামলার আশঙ্কায় ভার্চুয়াল হাজিরার আবেদন জানালে বিচারপতি মন্তব্য করেছিলেন— ‘রাজনৈতিক ব্যক্তিত্বরা ডিম ছোড়াকে ভয় পাবেন কেন? স্বাধীনতা সংগ্রামীরা তো বুক পেতে গুলি সামলেছিলেন।’ সেই মন্তব্যকে স্মরণ করিয়ে দিয়ে মহুয়া লেখেন, “আপনার পরামর্শ মেনেই আজ স্বাধীনতা সংগ্রামীদের মতো ডিমের আক্রমণ সামলে নিলাম।”
নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন মহুয়া মৈত্রের ওপর এই ধরনের ঘটনা নতুন নয়। গত জুলাই মাসেও নদিয়ার পালাশিতে একটি কর্মসূচীতে যাওয়ার পথে একই পরিস্থিতির মুখে পড়েছিলেন তিনি। এরপরই নিরাপত্তা সংক্রান্ত আবেদনে সেপ্টেম্বরের শুরুতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, কৃষ্ণনগর সফরের সময় মহুয়ার সাথে দু’জন পুলিশকর্মী মোতায়েন রাখতে হবে।
আদালতের নির্দেশিত নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে পুলিশের উপস্থিতিতে এই হামলা চলল, তা নিয়ে তৃণমূল ও বিজেপি শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা চরম আকার ধারণ করেছে।
