নিরাপত্তা ছাঁটাইয়ের কোপ একাধিক হেভিওয়েটের ওপর, তালিকায় অরূপ, ববি থেকে কুণাল – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে ক্ষমতাবদলের পর থেকেই ভিআইপি সুরক্ষায় বড়সড় রদবদল শুরু হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একাধিক হেভিওয়েটের নাম। রাজ্য সরকারের সাম্প্রতিক এক নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের একাধিক রাজনৈতিক নেতা, প্রাক্তন আমলা এবং বিশিষ্ট ব্যক্তিদের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার বা হ্রাস করা হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, সংশ্লিষ্ট ব্যক্তিদের সুরক্ষা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নতুন করে পুনর্মূল্যায়ণ করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার প্রশাসনিক মহল থেকে জানা গিয়েছে যে, তালিকাভুক্ত ব্যক্তিদের বাড়ির সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তারক্ষী এবং পুলিশ মোতায়েন তুলে নেওয়া হয়েছে।
কারা রয়েছেন তালিকায়
নতুন নির্দেশিকা অনুযায়ী যাঁদের অতিরিক্ত নিরাপত্তা কমানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি এই তালিকায় রয়েছেন প্রাক্তন আমলা এবং পুলিশের শীর্ষ কর্তারাও। রাজ্যসভার সাংসদ তথা রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, অবসরপ্রাপ্ত ডিজেপি মনোজ মালব্য এবং প্রাক্তন ভারপ্রাপ্ত ডিজেপি পীযূষ পাণ্ডের বাড়ি থেকেও অতিরিক্ত পুলিশ হাউস গার্ড তুলে নেওয়া হয়েছে। এছাড়া, আগের সরকারের সময়ে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় লড়াই করা এক আইনজীবীর অতিরিক্ত নিরাপত্তাও প্রত্যাহার করা হয়েছে।
পদমর্যাদা অনুযায়ী মিলবে সুরক্ষা
প্রশাসনিক কর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গিয়েছে যে এই ব্যক্তিদের আর অতিরিক্ত নিরাপত্তার কোনো প্রয়োজন নেই। তাঁরা বর্তমানে যে সাংবিধানিক বা সরকারি পদে রয়েছেন, সেই অনুযায়ী প্রাপ্য টুকুই পাবেন। যেমন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজীব কুমার সাংসদ হিসেবে নির্দিষ্ট নিরাপত্তা পাবেন। অরূপ বিশ্বাস আগে মন্ত্রী হিসেবে যে স্তরের নিরাপত্তা পেতেন, বর্তমানে মন্ত্রী বা বিধায়ক পদে না থাকায় তা আর পাবেন না। অন্যদিকে, কুণাল ঘোষ আদালতের নির্দেশে অতিরিক্ত নিরাপত্তা পেতেন, তবে এখন তিনি বিধায়ক হিসেবে প্রাপ্য সুরক্ষাই পাবেন। একইভাবে প্রাক্তন ভারপ্রাপ্ত ডিজেপি পীযূষ পাণ্ডেও তাঁর বর্তমান পদমর্যাদা অনুযায়ী নিরাপত্তা পাবেন।
রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রভাব
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভিআইপি নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনার কাজ শুরু হয়। এর আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ও পাইলট গাড়ি প্রত্যাহার করা হয়েছিল। নতুন নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে, প্রকৃত প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তা কাউকে দেওয়া হবে না। তবে এই ব্যাপক কাটছাটের মধ্যেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হচ্ছে না। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ও যাতায়াতের ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা বজায় রাখতে কলকাতা পুলিশকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
