নির্বাচনী সভায় উস্কানি ও ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ! এবার সাইবার থানায় আইনি জটে অভিষেক – এবেলা

নির্বাচনী সভায় উস্কানি ও ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ! এবার সাইবার থানায় আইনি জটে অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: নির্বাচনী প্রচারের উত্তাপের মাঝেই আরও বড় আইনি জটিলতায় জড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটপ্রচারের বিভিন্ন সভায় তাঁর দেওয়া বক্তব্য ঘিরে ছড়াল তীব্র বিতর্ক। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও রাজনৈতিক উত্তেজনা ছড়ানোর অভিযোগে এবার সরাসরি শিলিগুড়ির সাইবার থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হলো।

শুক্রবার শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি তথা ব্যবসায়ী সঞ্জয় কুমার সিংঘল এই বিস্ফোরক অভিযোগটি দায়ের করেছেন। তাঁর দাবি, নির্বাচনী প্রচারের সময় অভিষেকের বেশ কিছু বক্তব্য জনমানসে চরম ভীতি ও উত্তেজনার পরিবেশ তৈরি করেছে, যা সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। একজন সচেতন নাগরিক হিসেবে এই ধরনের মন্তব্যকে গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন তিনি।

অভিযোগের নিশাতায় ২০২৬-এর ৩টি নির্দিষ্ট জনসভা:

অভিযোগপত্রে অভিষেকের তিনটি হাই-প্রোফাইল নির্বাচনী সভার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে—

  • ২৫ মার্চ, ২০২৬-এর নন্দীগ্রামের নির্বাচনী সভা।
  • ২৭ এপ্রিল, ২০২৬-এর মহেশতলার জনসভা ও রোড শো।
  • আরামবাগের নির্বাচনী সমাবেশ।

ব্যবসায়ী সঞ্জয় কুমার সিংঘল পুলিশের কাছে আবেদন জানিয়েছেন, এই সভাগুলির সমস্ত ভিডিও ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কনটেন্ট খতিয়ে দেখা হোক। একই সাথে এই বক্তব্যগুলি ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (BNS) কিংবা তথ্যপ্রযুক্তি আইন (IT Act)-এর অধীনে কোনো অপরাধমূলক ধারার আওতায় পড়ে কি না, তা যাচাই করারও দাবি তুলেছেন তিনি।

অভিযোগকারীর স্পষ্ট বক্তব্য, তিনি কোনো ব্যক্তিগত শত্রুতা বা পূর্বনির্ধারিত শাস্তির দাবি করছেন না; বরং অবাধ, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নিয়েছেন। এখন এই অভিযোগের ভিত্তিতে সাইবার থানার পুলিশ আগামী দিনে কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *