‘নিষেধ করেছিলাম’, তবু কেন টাকা তুললেন? জেরার মুখেই ইন্দ্রনীল-মধুছন্দার বচসা! – এবেলা

এবেলা ডেস্কঃ
ইউনেসকোর নাম ভাঙিয়ে দুর্নীতির মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনকে মুখোমুখি জেরা লালবাজারের সিটের। তদন্তকারীদের সামনেই নিজেদের মধ্যে তীব্র তর্কে জড়িয়ে পড়েন দু’জন। স্ত্রীর দাবি, অনিয়ম করে টাকা তুলতে তিনি নিষেধ করলেও ইন্দ্রনীল শোনেননি। এই মামলায় এবার দেশের মধ্যে প্রথমবার ‘মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার’ বা এমপিও-র নতুন আইন ও নতুন ধারা প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে পুলিশ, যা প্রমাণিত হলে হতে পারে ১০ বছরের কারাদণ্ড।
অন্যদিকে অসুস্থতার অজুহাতে হাজিরা এড়িয়েছেন তাদের মেয়ে আভেরি সেন, যাঁকে ফের তলব করা হয়েছে। পর্যটন দপ্তরের টেন্ডার সংক্রান্ত বিপুল টাকার আর্থিক অনিয়ম ও জালিয়াতিরও হদিশ পেয়েছেন গোয়েন্দারা। ঘটনার গভীরতা বুঝে সিটের সদস্য সংখ্যা বাড়িয়ে ৯ জন করা হয়েছে, যার মধ্যে যুক্ত করা হয়েছে ব্যাঙ্ক ও জালিয়াতি দমন শাখার অভিজ্ঞ আধিকারিকদের। পুজোর পাস বিক্রিতে অনিয়ম এবং লোগো ব্যবহারের সত্যতা জানতে ইউনেসকোর দিল্লির দফতরে আবার চিঠি পাঠিয়েছে তদন্তকারীরা।
