পদ্মশ্রীর তালিকায় নাম ৫৩ বছর আগে, পুরস্কার আজও অধরা! কেন এমন পরিণতি ফারুক ইঞ্জিনিয়ারের? – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার এবং কিংবদন্তি উইকেটকিপার ফারুক ইঞ্জিনিয়ার ১৯৭৩ সালে দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী পাওয়ার জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু দীর্ঘ ৫৩ বছর পেরিয়ে গেলেও আজও সেই সম্মান বা তার কোনো সরকারি শংসাপত্র হাতে পাননি তিনি। বর্তমানে ইংল্যান্ডে বসবাসকারী ৮৮ বছর বয়সি এই প্রবীণ তারকা জানান, সে সময় খবরের কাগজে নাম বেরোলেও কোনো সরকারি চিঠি তাঁর কাছে পৌঁছায়নি। সরকারি ওয়েবসাইটের তালিকায় নাম জ্বলজ্বল করলেও পদক না পাওয়ার রহস্য এখনও ঘনীভূত।
অবশেষে এই দীর্ঘ জটিলতা কাটাতে আসরে নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। সম্প্রতি আইসিসি চেয়ারম্যান জয় শাহের আশ্বাসের পর বোর্ড সরকারের কাছে লিখিত আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে। জীবনের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা প্রবীণ ক্রিকেটার এখন স্ত্রী-কে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ভবনে গিয়ে পরম কাঙ্ক্ষিত এই সম্মান গ্রহণ করার শেষ স্বপ্ন দেখছেন।
