‘পরিণাম যাই হোক, কঠোর আঘাত হানতে পিছপা হবে না ভারত’: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মুখ খুললেন এনএসএ অজিত ডোভাল – এবেলা

এবেলা ডেস্কঃ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট বার্তা দিয়েছেন যে, দেশের সুরক্ষার খাতিরে যেকোনো বড় ঝুঁকি নিতে বা শত্রুকে কঠোর জবাব দিতে ভারত এক মুহূর্তও ইতস্তত করবে না। ডিসকভারি চ্যানেলের আসন্ন ডকুসিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের উদারতা বা সহনশীলতাকে যেন কখনোই কেউ দুর্বলতা বলে ভুল না করে।
উল্লেখ্য, পহেলগাঁওতে সংঘটিত সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দিতে গত বছরের ৭ মে ভোররাতে শুরু হয়েছিল ঐতিহাসিক ‘অপারেশন সিঁদুর’। প্রায় ৮৮ ঘণ্টা ধরে চলা এই সামরিক অভিযানের মূল লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (PoK) সীমানায় সক্রিয় জঙ্গি ঘাঁটিগুলোকে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া। এই সফল সামরিক অভিযানের পর এই প্রথম কোনো প্রকাশ্যে সাক্ষাৎকারে মুখ খুললেন দেশের জাতীয় নিরাপত্তা প্রধান।
অজিত ডোভাল জানান, পহেলগাঁও হামলার পেছনে থাকা শত্রুপক্ষকে তাদের নিজেদের ঘাঁটিতে গিয়ে ধূলিসাৎ করে দেওয়াই ছিল এই অভিযানের একমাত্র উদ্দেশ্য। ভারত সঠিক সময়ে চরম জবাব দিতে এবং যেকোনো পরিণতির মুখোমুখি হতে পুরোপুরি প্রস্তুত।
এই বহুল প্রতীক্ষিত দুই পর্বের তথ্যচিত্রটিতে ‘অপারেশন সিঁদুর’-এর পেছনের সূক্ষ্ম রণকৌশল, শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণ এবং অভিযানের নানা রোমাঞ্চকর নেপথ্য মুহূর্ত তুলে ধরা হয়েছে। আগামী শনিবার রাত ৯টায় ডিসকভারি চ্যানেল এবং ডিসকভারি প্লাস (Discovery+) স্ট্রিমিং অ্যাপে ডকুসিরিজটি সম্প্রচারিত হবে।
