পর্যটকদের করছাড় ও মুম্বইয়ের আদলে মেরিন ড্রাইভের ছোঁয়ায় খোলনলচে বদলে যাচ্ছে দিঘা! – এবেলা

এবেলা ডেস্কঃ
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম দিঘা সফরে গিয়ে সৈকত নগরীর ভোল বদলে দেওয়ার একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসনিক বৈঠক শেষে পর্যটকদের জন্য একগুচ্ছ সুখবর দেওয়ার পাশাপাশি পরিকাঠামো ও নিরাপত্তার আমূল পরিবর্তনের রূপরেখা তৈরি করেছেন তিনি। আগামী ১ জুলাই থেকে দিঘায় পর্যটকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ১০ টাকা চাঁদা সম্পূর্ণ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। হাত পেতে এই ধরনের অর্থ আদায়কে আপত্তিজনক আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত।
পরিকাঠামো উন্নয়ন ও কুইনস নেকলেস
দিঘাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে মুম্বই ও চেন্নাইয়ের আদলে মেরিন ড্রাইভ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। দিঘা থেকে পেটুয়া পর্যন্ত উপকূল এলাকাকে যুক্ত করে এই নতুন মেরিন ড্রাইভ তৈরি হবে, যা দিঘার সমুদ্রসৈকতকে মুম্বইয়ের বিখ্যাত ‘কুইনস নেকলেস’-এর মতো রূপ দেবে। দিঘা ছাড়াও উদয়পুর, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণির মতো পার্শ্ববর্তী পর্যটন কেন্দ্রগুলির সামগ্রিক উন্নয়নের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। এছাড়া তাজপুরের অদূরে দাদনপাত্রবাড়ে নিজস্ব ১৭০০ একর জমিতে গভীর সমুদ্রবন্দর গড়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী, যা আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক পরিকাঠামো সম্পূর্ণ বদলে দেবে বলে আশা করা হচ্ছে।
চিকিৎসা ও পর্যটক নিরাপত্তা
বিগত সরকারের আমলে উন্নয়ন থমকে থাকার অভিযোগ তুলে সৈকত নগরীর স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের জরুরি চিকিৎসার সুবিধার্থে দিঘা হাসপাতালকে ১০০ বেডের আধুনিক হাসপাতালে উন্নীত করা হচ্ছে। যেখানে ৫টি আইসিইউ, ৫টি এইচডিইউ এবং শিশুদের জন্য ৫টি এসএনসিইউ শয্যা থাকবে। স্বাস্থ্যসচিবকে দ্রুত হাসপাতালে নিউরোসার্জন, কার্ডিয়াক ও অর্থোপেডিক বিশেষজ্ঞ নিয়োগের নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রমা অ্যাম্বুলেন্স ও এসি ডেডবডি ক্যারিয়ারের ব্যবস্থা করা হচ্ছে। সমুদ্রতটে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বর্তমানের ৬৩ জন নুলিয়ার সংখ্যা বৃদ্ধি এবং তাঁদের ভাতা বাড়ানোর সিদ্ধান্তও গৃহীত হয়েছে। পাশাপাশি আপামর ভক্তদের জন্য ‘শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার’-এ রীতিনীতি মেনে জগন্নাথদেবের নিত্যপূজা, ভোগ ও আসন্ন রথযাত্রা উৎসব সুন্দরভাবে সম্পন্ন করার জন্য মুখ্যসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
