৬০ বার সতর্কবার্তা এড়িয়েছিল জাহাজ! ওমান উপকূলে মার্কিন মিসাইল হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যু – এবেলা

৬০ বার সতর্কবার্তা এড়িয়েছিল জাহাজ! ওমান উপকূলে মার্কিন মিসাইল হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যু – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক ডেস্ক: বার বার সতর্ক করা সত্ত্বেও আমেরিকার সেনাবাহিনীর নিষেধাজ্ঞা অমান্য করে এগিয়ে যাওয়ার মাশুল দিতে হলো জীবন দিয়ে। ওমান উপকূলের কাছে ‘এমটি সেত্তেবেলো’ (MT Settebello) নামের একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক হামলায় প্রাণ হারিয়েছেন তিন ভারতীয় নাবিক। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। মার্কিন প্রশাসনের চাঞ্চল্যকর দাবি, হামলার আগে ওই জাহাজটিকে কমবেিশ ৬০ বার সতর্কবার্তা পাঠানো হয়েছিল।

কেন হামলা চালাল আমেরিকা?

মার্কিন সেনার দাবি, পালাউয়ের ওই তেলবাহী ট্যাঙ্কারটি তাদের ঘোষিত অবরোধ অমান্য করে এগোচ্ছিল। সন্দেহ করা হচ্ছিল, জাহাজটি ইরানের তেল পরিবহণের সঙ্গে যুক্ত। রেডিয়ো মারফত একাধিকবার বার্তা পাঠানো হলেও জাহাজের পক্ষ থেকে কোনও উত্তর দেওয়া হয়নি। এমনকী, মার্কিন যুদ্ধবিমান আকাশপথে চক্কর কেটে ফ্লেয়ার (সংকেত আলো) ছুড়ে গতিপথ পরিবর্তনের নির্দেশ দিলেও জাহাজটি থামেনি। শেষ মুহূর্তে ইঞ্জিন রুম খালি করার চূড়ান্ত সময় দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে মিসাইল ছোঁড়ে মার্কিন বাহিনী। আমেরিকার দাবি, লক্ষ্য ছিল শুধু জাহাজটিকে বিকল করা, কিন্তু দুর্ভাগ্যবশত প্রাণহানি ঘটে।

দিল্লির কড়া পদক্ষেপ ও ক্ষোভ:

মার্কিন হামলায় জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে, বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। নয়াদিল্লিতে নিযুক্ত আমেরিকার কূটনৈতিক প্রতিনিধিকে ডেকে পাঠিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। দিল্লির সাফ বার্তা— বাণিজ্যিক জাহাজের ওপর এমন প্রাণঘাতী সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক।

ধোঁয়াশা ও পাল্টা প্রশ্ন:

আমেরিকা ৬০ বার সতর্ক করার দাবি করলেও, জাহাজ পরিচালনাকারী সংস্থা তা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা মার্কিন সেনার এই দাবি অস্বীকার করে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনার মাঝে এই ঘটনা সমুদ্রপথে বাণিজ্যের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *