পশ্চিমবঙ্গে ২৫০০ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ সরবরাহের চুক্তি আদানি গোষ্ঠীর

পশ্চিমবঙ্গে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ চাহিদা মেটাতে আদানি গোষ্ঠী ২৫০০ মেগাওয়াট পর্যন্ত নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিয়েছে। প্রতিযোগিতামূলক দরপত্র এবং ই-রিভার্স নিলাম প্রক্রিয়ার মাধ্যমে আদানি পাওয়ারের সহযোগী সংস্থা পিটিএসএল এই প্রকল্পের দায়িত্ব পেয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী ২৫ বছর ধরে এই বিদ্যুৎ সরবরাহ করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের ১ জুলাই থেকে প্রাথমিক পর্যায়ে ১,৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এছাড়া চুক্তিতে ৭৫০ মেগাওয়াটের একটি ‘গ্রিন শু’ বিকল্প রাখা হয়েছে। এই বিকল্প কার্যকর হলে ২০২৯ সালের ১ এপ্রিল থেকে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ শুরু হবে, যার ফলে মোট বিদ্যুতের পরিমাণ দাঁড়াবে ২,৫০০ মেগাওয়াট।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে এই প্রকল্পে সৌর ও বায়ু শক্তির পাশাপাশি ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS) ব্যবহার করা হবে। এর ফলে আবহাওয়া পরিবর্তনের কারণে উৎপাদন ব্যাহত হলেও বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না। সংস্থাটি জানিয়েছে, শিল্প প্রতিষ্ঠান, ডেটা সেন্টার এবং বাণিজ্যিক গ্রাহকদের দীর্ঘমেয়াদী চাহিদা পূরণের লক্ষ্যেই এই পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।
