পাকিস্তানি সুন্দরীর ফাঁদে বাঙালি নৌসেনা! স্পর্শকাতর তথ্য পাচার করতেই তামিলনাড়ু থেকে গ্রেপ্তার

অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স সেলের হাতে তামিলনাড়ুর কোয়েম্বত্তূর থেকে গ্রেপ্তার হয়েছেন এক বাঙালি নৌসেনা কর্মী। ধৃত প্রদীপ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ২০১৪ সালে নৌসেনায় সোলজার পদে যোগদান করেছিলেন। বিশাখাপত্তনমের ইস্টার্ন নেভাল কমান্ডে কর্মরত প্রদীপ গত সপ্তাহে কোয়েম্বত্তূরের রেড ফিল্ডসে আইএনএস অগ্রণীতে একটি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্সের প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। সেখান থেকেই তাঁকে স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক পাকিস্তানি মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল এবং ধীরে ধীরে সেই মহিলার সঙ্গে তাঁর সখ্যতা গড়ে ওঠে।
অভিযোগ উঠেছে, ওই পাকিস্তানি মহিলার তৈরি করা যৌনতার ফাঁদে পা দিয়েই বিশাখাপত্তনম নৌঘাঁটির বিভিন্ন কৌশলগত পরিকল্পনা, নৌবহরের গতিবিধি এবং পরিচালন-কাঠামো বিষয়ক অত্যন্ত সংবেদনশীল তথ্য পাচার করেছেন প্রদীপ। আন্তঃসীমান্ত চরবৃত্তির অভিযোগে অন্ধ্রপ্রদেশের গোয়েন্দারা দীর্ঘদিন ধরে তাঁর ওপর নজরদারি চালাচ্ছিলেন। সমস্ত তথ্য নিশ্চিত হওয়ার পর তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঠিক কী ধরনের গোপন নথিপত্র এবং তথ্য দেশের বাইরে পাচার করা হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
