পাকিস্তানে জঙ্গি পরিকাঠামো ও আইএসআই যোগ প্রকাশ্যে স্বীকার শীর্ষ জইশ কমান্ডারের

পাকিস্তান-পন্থী রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে ইসলামাবাদে আয়োজিত ‘পুঞ্চ আওয়ান’ সম্মেলনে পাকিস্তানের মাটিতে জেহাদি কর্মকাণ্ডের কথা প্রকাশ্যে স্বীকার করেছে জইশ-ই-মহম্মদের সিনিয়র কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি ওরফে আবু মহম্মদ। এনআইএ-র মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এবং ইউএপিএ আইনে অভিযুক্ত এই জঙ্গি নেতা ২০১৮ সালের সানজয়ান সেনাচৌকিতে হামলার মাস্টারমাইন্ড। ভারতের সন্ত্রাসবাদ অভিযোগ পাকিস্তান আগে বরাবর খারিজ করলেও এবং সাম্প্রতিক ‘এসসিও সিভিলাইজেশনাল ডায়লগ’-এর আগে পাক পরিবেশ মন্ত্রী মুসাদিক মালিক প্রমাণ দাবি করলেও মাসুদের এই স্বীকারোক্তি প্রকাশ্যে আসায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যদিও ইসলামাবাদ এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।
ওই সম্মেলনে মাসুদ পাকিস্তানের রাওয়ালকোটে সক্রিয় জঙ্গি ডেরা এবং পাক অধিকৃত কাশ্মীরের ধরমসলে জইশ মার্কাজ কেন্দ্রের কথা উল্লেখ করে। সে জানায়, আইএসআই কর্তারা তার সঙ্গে সরকারিভাবে বৈঠক করে ২২ জন জইশ ক্যাডারের নাম থাকা একটি ডোসিয়ের তার হাতে তুলে দেন, যদিও সকলে তার সংগঠনের নয় বলে দাবি করেছে সে। মাসুদের দাবি, তার সংগঠনের সু-প্রশিক্ষিত জঙ্গিরা জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশ করে বড় নাশকতা ঘটাতে সক্ষম এবং পাক অধিকৃত কাশ্মীরের ছোটখাটো নাশকতায় তারা যুক্ত ছিল না।
