ডুয়ার্সের শান্ত গ্রাম বিন্দু: প্রকৃতিপ্রেমীদের নতুন ঠিকানা

জলপাইগুড়ি জেলার শেষ প্রান্তে ভারত-ভুটান সীমান্তে অবস্থিত বিন্দু গ্রাম পর্যটকদের কাছে এক নিরিবিলি গন্তব্য। শহরের কোলাহল থেকে দূরে এই গ্রামে পাহাড়, নদী ও সবুজের সমারোহ।

বিন্দুর প্রধান আকর্ষণ জলঢাকা নদী ও বিন্দু ড্যাম। ভুটান পাহাড় থেকে নেমে আসা এই নদীর ওপর নির্মিত ড্যামের একপাশে ভারত এবং অন্যপাশে ভুটান। ড্যামের ওপর দাঁড়িয়ে দুই দেশের পাহাড় দেখার অভিজ্ঞতা মুগ্ধ করে। এছাড়া এখানকার পাহাড়ি রাস্তা, এলাচ বাগান ও কমলালেবুর গাছ প্রকৃতির এক অপরূপ দৃশ্য তৈরি করে।

বিন্দু ভ্রমণের পাশাপাশি পর্যটকরা ঝালং, সামসিং, সুনতালেখোলা, তোড়ে ও টাংটার মতো জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। ঝালং বিন্দু থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে জলঢাকা নদীর উপত্যকা ও পাহাড়ি জনপদ পর্যটকদের টানে। পাহাড়ি গ্রাম, জঙ্গল ও মেঘে ঢাকা রাস্তায় গাড়ি ভ্রমণের অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর। তবে পাহাড়ি পথে যাতায়াতের আগে রাস্তার বর্তমান অবস্থা সম্পর্কে জেনে নেওয়া জরুরি।

বিন্দুতে পৌঁছানোর জন্য শিয়ালদহ বা কলকাতা থেকে ট্রেনে নিউ মাল জংশন বা নিউ জলপাইগুড়িতে নামতে হয়। সেখান থেকে গাড়ি ভাড়া করে চালসা হয়ে ঝালং ও বিন্দুতে পৌঁছানো যায়। মালবাজার থেকে বিন্দুর দূরত্ব প্রায় ৩৮ কিলোমিটার। পর্যটকদের থাকার জন্য বিন্দুতে বেশ কিছু হোমস্টে ও সরকারি গেস্ট হাউস রয়েছে। এখানে থাকা ও খাওয়ার খরচ জনপ্রতি ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। বর্ষাকালে জলঢাকার রূপ যেমন ভয়ঙ্কর সুন্দর, শীতকালে তেমনই শান্ত ও মনোরম থাকে এই এলাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *