জলহাটিতে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে খুন নেত্রীর স্বামী, উত্তপ্ত এলাকা

জলহাটিতে বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত অরূপ সাহা জলহাটি-১ মণ্ডলের বিজেপি নেত্রী রুমা সাহার স্বামী। অভিযোগ, স্থানীয় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার প্রতিবাদ করায় রুমা সাহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। স্ত্রীকে অপমানের প্রতিবাদ করতে গেলে অরূপ সাহার ওপর একদল যুবক চড়াও হয় এবং তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।
মৃতের স্ত্রী রুমা সাহার অভিযোগ, রাজদীপ, রাজা তহশিলদার ও সুরজিৎ বিশ্বাস সহ ৪০-৫০ জন যুবক তাঁদের ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস থেকে সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া ব্যক্তিরাই এই হামলার নেপথ্যে রয়েছে। ঘটনার পর থানায় যোগাযোগ করা হলেও সঠিক সাহায্য মেলেনি বলে অভিযোগ করেছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে জলহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ রাজ্যের বিরুদ্ধে সরব হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছেন। বিধায়কের অভিযোগ, উত্তর কলকাতা শহরতলির জেলা সভাপতি চণ্ডীচরণ রায় নিজের পছন্দমতো তৃণমূল থেকে আসা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। দলীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় না রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভোটের পর দলে আসা সুবিধাবাদীদেরই এখন বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
