পুজোয় উত্তরবঙ্গ ভ্রমণ হবে আরও জমজমাট, নতুন রূপ পাচ্ছে এই জনপ্রিয় ট্রেন! – এবেলা
এবেলা ডেস্কঃ
দার্জিলিং বা উত্তরবঙ্গের বিভিন্নপ্রান্তে বেড়াতে যাওয়া পর্যটক এবং সাধারণ যাত্রীদের জন্য বড় সুখবর। দুর্গাপুজোর আগেই আইসিএফ (ICF) রেকের বদলে আধুনিক এলএইচবি (LHB) রেক পাচ্ছে শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস। আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাসের প্রস্তাব মেনে ইস্টার্ন রেল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। রেলের এই পদক্ষেপে খুশি উত্তরবঙ্গের ব্যবসায়ী মহল ও সাধারণ যাত্রীরা।
নব্বইয়ের দশকে চালু হওয়া তিস্তা-তোর্সা এক্সপ্রেস উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ট্রেন হিসেবে পরিচিত। দীর্ঘ দিন ধরে পুরনো কোচে যাতায়াতের ফলে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল এবং ট্রেনটিকে আধুনিক এলএইচবি রেকে চালানোর জোরালো দাবি উঠেছিল। সম্প্রতি বিধায়ক পরিতোষ দাস ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের সঙ্গে দেখা করে এই দাবি জানান। রেল কতৃপক্ষের এই অনুমোদনের ফলে পুজোতেই ঝাঁ চকচকে আধুনিক কোচে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
