পুজোর পাস বিক্রিতে ৬০ কোটির দুর্নীতি! ইন্দ্রনীলের হাত ঘুরে মমতার অ্যাকাউন্টেও পৌঁছাতো টাকা? – এবেলা

এবেলা ডেস্কঃ
ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-এর পাস বিক্রির মাধ্যমে বিপুল আর্থিক জালিয়াতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরিট (ইডি)-এর প্রাথমিক অনুমান, এই দুর্নীতির অংক প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা। অভিযোগ উঠেছে, ‘ম্যাসআর্ট’ নামের সংস্থার মাধ্যমে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বেআইনিভাবে টিকিট বিক্রি করা হয় এবং ভুয়ো খরচ দেখিয়ে সেই অর্থ তছরুপ করা হয়েছে। সম্প্রতি কলকাতা ও সংলগ্ন অঞ্চলের ১৫টি স্থানে তল্লাশি চালিয়ে ইডি বেশ কিছু ডিজিটাল ডিভাইস ও গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে। পরবর্তীতে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা প্রায় ১০ ঘণ্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ করেন।
তদন্তে আরও জানা গিয়েছে, মন্ত্রী থাকাকালীন ইন্দ্রনীল সেনের মেয়াদে পর্যটন ও সংস্কৃতি দপ্তরের ৮৫ কোটি টাকার বেশি মূল্যের সরকারি টেন্ডার অনিয়ম করে তাঁর ঘনিষ্ঠদের সংস্থাকে প্রদান করা হয়। পরবর্তীতে সেই টাকা ঘুরপথে তাঁর আত্মীয়দের নিয়ন্ত্রিত সংস্থায় পৌঁছায় এবং ৩.৮ কোটি টাকা নগদ জমা হয়। তদন্তের সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, ইন্দ্রনীল সেনের মালিকানাধীন সংস্থা থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে রয়্যালটি বাবদ প্রায় ৩০ লক্ষ টাকা পাঠানো হয়েছিল। ইউনেস্কোর সাথে এই সংস্থার কোনো বৈধ সম্পর্ক ছিল কি না, কিংবা এই অর্থ পাচারের মূল গতিপথ কী ছিল, তা খতিয়ে দেখতে ইডির তদন্ত এখনও সক্রিয়ভাবে অব্যাহত রয়েছে।
