পুজোর মুখে মিটল অন্নপূর্ণা যোজনার আক্ষেপ! বিধায়কের উদ্যোগে অ্যাকাউন্টে ঢুকল ৩ হাজার টাকা – এবেলা

পুজোর মুখে মিটল অন্নপূর্ণা যোজনার আক্ষেপ! বিধায়কের উদ্যোগে অ্যাকাউন্টে ঢুকল ৩ হাজার টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুর পূর্ব বিধানসভা এলাকায় অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে মহিলাদের দীর্ঘদিনের সমস্যার অবশেষে সমাধান হল। প্রযুক্তিগত ত্রুটির কারণে বেশ কয়েকজন যোগ্য উপভোক্তা এই প্রকল্পের মাসিক ৩ হাজার টাকা থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিষয়টি স্থানীয় বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নজরে আসতেই তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর উদ্যোগে সঠিকভাবে ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর অবশেষে ওই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের বকেয়া টাকা চলে আসে।

টাকা হাতে পেয়ে উচ্ছ্বসিত মহিলারা কৃতজ্ঞতা জানাতে অভিনব পন্থা বেছে নেন। একটি প্রতীকী মাটির ভাঁড়ে মিষ্টি ভরে তাঁরা সোজা হাজির হন বিধায়কের বাসভবনে। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে মিষ্টিমুখ করানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও ধন্যবাদ জানান ওই উপভোক্তারা। তাঁদের কথায়, বিধায়কের তৎপরতাতেই পুজোর আগে তাঁদের এই আর্থিক দুশ্চিন্তা দূর হয়েছে।

এই বিষয়ে বিধায়ক আশ্বস্ত করে জানান, প্রযুক্তিগত কারণে কিছু কিছু জায়গায় সাময়িক সমস্যা দেখা দিচ্ছে ঠিকই, তবে রাজ্যের প্রতিটি যোগ্য মহিলাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।

উল্লেখ্য, বর্তমান রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার অধীনে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ইতিমধ্যেই রাজ্যের প্রায় ১ কোটি ৬০ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এবার বিধায়কের উদ্যোগে দুর্গাপুর পূর্বের বঞ্চিত মহিলাদের মুখেও হাসি ফুটল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *