পুজো দিয়ে ফেরার পথে কুয়োয় উল্টে গেল গাড়ি, শিশু-মহিলাসহ মৃত ৮ তীর্থযাত্রী! আর্থিক সাহায্য মোদীর – এবেলা
এবেলা ডেস্কঃ
সোলাপুর: পুজো দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে তীর্থযাত্রী বোঝাই একটি পিকআপ ভ্যান সোজা গিয়ে পড়ল রাস্তার ধারের গভীর কুয়োয়। রবিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের সোলাপুর জেলার তান্ডুলওয়াড়ি গ্রামে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় চার শিশু ও চার মহিলাসহ মোট আটজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সাতজন। চালকের অসাবধানতা ও ভুলের কারণেই এই বিপর্যয় ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে রাজ্য সরকারের তরফ থেকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন।
পুজো দিয়ে ফেরার পথেই বিপর্যয়:
পুলিশ সূত্রে জানা গেছে, ওই পিকআপ ভ্যানে মোট ১৫ জন আরোহী ছিলেন। তাঁরা সকলেই পান্ধারপুর এলাকার রাঞ্জানির বাসিন্দা। স্থানীয় সিদ্ধনাথ মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার সময়েই ঘটে এই দুর্ঘটনা। আচমকা গাড়িটি পিছলে গিয়ে রাস্তার ধারের কুয়োয় পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দা, পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত উদ্ধারকাজে হাত লাগায়। কুয়ো থেকে ক্রেনের সাহায্যে গাড়িটিকে ওপরে তোলা সম্ভব হলেও ততক্ষণে প্রাণ হারান আটজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তার ধারের কুয়োয় গাড়ি পড়ে যাওয়ার ঘটনা রাজ্যে এই প্রথম নয়। গত কয়েকমাসে এই নিয়ে তিনটি বড়সড় দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রে, যা নতুন করে প্রশাসনের চিন্তা বাড়াল।
