পুরনিয়োগ দুর্নীতি মামলা: জেলে গিয়ে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের অনুমতি সিবিআইয়ের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন সুজিত বসু। আলিপুর আদালতের কাছে তদন্তকারী সংস্থা আবেদন জানিয়েছিল যে, তারা জেলে গিয়ে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করতে চায়। আদালতের তরফে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। ফলে বুধবারই সিবিআই আধিকারিকরা আলিপুর সংশোধনাগারে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে জানা গিয়েছে।
দক্ষিণ দমদম পুরসভায় বিভিন্ন পদে প্রায় ১৫০ জনের চাকরির সুপারিশ করার অভিযোগে গত ১১ মে ইডি সুজিত বসুকে গ্রেপ্তার করে। দীর্ঘ সাড়ে দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে হেফাজতে নেওয়া হয়। তদন্তকারীদের দাবি, চাকরির বিনিময়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও এই সমস্ত অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে সুজিত বসুর অফিসসহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছিল যে, তল্লাশিতে নগদ ৪৫ লক্ষ টাকা, বিভিন্ন নথি এবং ডিজিটাল সামগ্রী উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির পাশাপাশি এবার সিবিআইয়ের এই জিজ্ঞাসাবাদ নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মাত্রা যোগ করল। এখন সিবিআইয়ের জেরায় সুজিত বসুর কাছ থেকে কী তথ্য উঠে আসে এবং তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে সকলের।
