পুরভোটের আগেই বড় সিদ্ধান্ত! বাড়ছে কলকাতা ও হাওড়ার ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় বিল পেশ – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা ও হাওড়া পৌরনিগমে ওয়ার্ডের সংখ্যা বাড়াতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আসন্ন পুরভোটের আগে ওয়ার্ড পুনর্বিন্যাসের পথ সুগম করতে বুধবার বিধানসভার বিশেষ এক দিনের অধিবেশনে দু’টি পৃথক সংশোধনী বিল পেশ করা হয়েছে। এর পাশাপাশি আগের পুরনো একটি সংশোধনী বিল প্রত্যাহারের প্রস্তাবও আনা হয়। প্রশাসনের মতে, এই বিল পাশ হলে পরবর্তী পুরনির্বাচন প্রক্রিয়া অনেক সহজ ও সুশৃঙ্খল হবে।
হাওড়া ও বালি সংযুক্তি নিয়ে রাজনৈতিক চাপানউতোর
অধিবেশনে হাওড়ার উন্নয়ন নিয়ে আগের সরকারকে বিঁধে বক্তব্য রাখেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিলের সমর্থনে বিধায়ক উমেশ রাই জানান, ২০১৩ সালে হাওড়ায় শেষ পুরভোট হয়েছিল এবং ২০১৫ সালে বালিকে হাওড়ার সঙ্গে যুক্ত করা হয়। ২০১৮ সাল থেকে প্রশাসক বসিয়ে ছ’মাসের মধ্যে নির্বাচন করার কথা থাকলেও, সেই মেয়াদ বাড়তে বাড়তে প্রায় আট বছর কেটে গেছে।
এর জবাবে প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেন, নাগরিক পরিষেবা আরও উন্নত করতেই বালিকে হাওড়ার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে সেই প্রক্রিয়ায় কিছু আইনি বা পদ্ধতিগত খামতি রয়ে গিয়েছিল।
বিধানসভায় ফিরহাদ-জিতেন বাগযুদ্ধ
আলোচনা চলাকালীন প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও বিজেপি বিধায়ক জিতেন তিওয়ারির মধ্যে তপ্ত বাক্যবিনিময় হয়। অন্য এক নেতার নাম উল্লেখ করায় জিতেন তিওয়ারি আপত্তি জানালে ক্ষুব্ধ ফিরহাদ স্মরণ করিয়ে দেন যে, জিতেন তাঁর থেকে জুনিয়র এবং একসময় তাঁর অধীনেই মেয়র হিসেবে কাজ করেছেন।
পরবর্তীকালে ঠিকাদারি সংক্রান্ত বিষয়টি নিয়ে কথা কাটাকাটি চরম আকার ধারণ করলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার হস্তক্ষেপ করেন এবং জানান, ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্যটি বিধানসভার আনুষ্ঠানিক কার্যবিবরণী (Proceedings) থেকে বাদ দেওয়া হবে।
