পুর নিয়োগ দুর্নীতি: প্রেসিডেন্সি জেলে সুজিত বসুকে তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের

পুর নিয়োগ দুর্নীতি: প্রেসিডেন্সি জেলে সুজিত বসুকে তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের

রাজ্যের পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি থাকা সুজিত বসুকে শনিবার আদালতের অনুমতি সাপেক্ষে দীর্ঘ তিন ঘণ্টা জেরা করেন সিবিআই আধিকারিকরা। মূলত দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে তাঁর ভূমিকা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

তদন্তকারী সংস্থার অভিযোগ, পুরসভার বিভিন্ন পদে বেআইনিভাবে নিয়োগের সুপারিশ করতেন সুজিত বসু এবং দুর্নীতির টাকা বিভিন্ন ব্যবসায়িক সংস্থায় বিনিয়োগ করা হতো। যদিও সুজিত বসু বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। এর আগে ইডি-র দায়ের করা চার্জশিটে তাঁর ও তাঁর পুত্রের নাম থাকলেও, সিবিআইয়ের চার্জশিটে তাঁর নাম ছিল না। তবে তদন্তের স্বার্থে নতুন করে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেন সিবিআই আধিকারিকরা।

উল্লেখ্য, গত ১১ মে ইডি তাঁকে গ্রেফতার করেছিল এবং এরপর থেকে একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে গিয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতি বাড়াতে সিবিআই রাজ্যের বিভিন্ন পুরসভার কর্মী ও প্রাক্তন পদাধিকারীদের তলব করছে। তদন্তের প্রয়োজনে সুজিত বসুর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যার মধ্যে তাঁর কন্যা মোহিনী বসুও রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *