ভারত-মার্কিন যৌথ অভিযানে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৬

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) যৌথ অভিযানে একটি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের ভারতীয় মডিউল ধ্বংস করা হয়েছে। ‘অপারেশন মনসুন থান্ডার’ নামের এই অভিযানে ভারতের চারটি শহর থেকে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে অবৈধ সাইকোট্রপিক ও ওপিওয়েড জাতীয় মাদক সরবরাহ করত বলে তদন্তে উঠে এসেছে।
তদন্তকারীরা জানিয়েছেন, পাচারকারীরা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং গুগল শিটস ব্যবহার করে তাদের কার্যকলাপ পরিচালনা করত। মাদক সরবরাহের জন্য ডাক পরিষেবা ও ড্রপ-শিপিং পদ্ধতির অপব্যবহার করা হতো। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল পেমেন্ট এবং হাওয়ালা নেটওয়ার্কের সাহায্য নেওয়া হতো। অভিযানে প্রায় ৩,০০০টি পার্সেলের সন্ধান পাওয়া গিয়েছে, যার মধ্যে প্রায় পাঁচ লক্ষ ট্যাবলেট ছিল। এছাড়া ৫৯ হাজারেরও বেশি মার্কিন নাগরিকের তথ্য ডিইএর হাতে তুলে দেওয়া হয়েছে এবং দুটি চালান গন্তব্যে পৌঁছানোর আগেই আটক করা হয়েছে।
এনসিবি জানিয়েছে, চক্রটির মূল পরিকল্পনাকারী, অর্থের উৎস এবং আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে বের করতে তদন্ত চলছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এই অভিযানের প্রশংসা করে একে ভারত-মার্কিন অংশীদারিত্বের বাস্তব উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। মাদক পাচার দমনে ভারত ও আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থাগুলির এই শক্তিশালী সমন্বয় ও পারস্পরিক অঙ্গীকার আগামী দিনেও বজায় থাকবে বলে জানানো হয়েছে।
