পৃথিবী থেকে ২৫৯০ কোটি কিলোমিটার দূরে ভয়েজার ১: মানবসভ্যতার বার্তা নিয়ে মহাকাশে ছুটছে নাসার যান

পৃথিবী থেকে ২৫৯০ কোটি কিলোমিটার দূরে ভয়েজার ১: মানবসভ্যতার বার্তা নিয়ে মহাকাশে ছুটছে নাসার যান

১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর নাসা উৎক্ষেপণ করেছিল ভয়েজার ১ মহাকাশযানটি। বর্তমানে পৃথিবী থেকে প্রায় ২৫৯০ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে এই যানটি। পৃথিবী থেকে পাঠানো কোনো রেডিও সিগন্যাল সেখানে পৌঁছাতে এবং সেখান থেকে তথ্য পৃথিবীতে আসতে সময় লাগে প্রায় ২৪ ঘণ্টা করে, অর্থাৎ বার্তা আদান-প্রদানে মোট ৪৮ ঘণ্টা সময় ব্যয় হয়। মানবজাতির তৈরি প্রথম মহাকাশযান হিসেবে এটি সফলভাবে আমাদের সৌরজগতের গণ্ডি পেরিয়ে আন্তঃনাক্ষত্রিক অঞ্চলে প্রবেশ করেছে।

দীর্ঘ যাত্রাপথে ভয়েজার ১ বৃহস্পতি ও শনি গ্রহের বলয় এবং একাধিক উপগ্রহ আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২২ ও ২০২৩ সালে যান্ত্রিক ত্রুটির কারণে যানটির তথ্য আদান-প্রদানে সমস্যা দেখা দিলেও, নাসার বিজ্ঞানীরা দূর থেকে সফটওয়্যার কোডিং সংশোধন করে সেটিকে পুনরায় সচল করতে সক্ষম হন। বর্তমানে এটি সৌরজগতের সীমানা ছাড়িয়ে মহাশূন্যের গভীরে এগিয়ে চলেছে।

ভয়েজার ১-এর সঙ্গে রয়েছে একটি স্বর্ণাভ তামার ডিস্ক বা ‘গোল্ডেন রেকর্ড’, যাতে পৃথিবীর ১১৫টি ছবি, বিভিন্ন প্রাকৃতিক শব্দ, ৫৫টি ভাষায় অভিবাদন এবং বাখ, বেথোভেন ও মোজ়ার্টের মতো শিল্পীদের সংগীত সংরক্ষিত আছে। এতে ভারতের বিভিন্ন ভাষার পাশাপাশি কেশরবাই কেরকরের গাওয়া গানও অন্তর্ভুক্ত রয়েছে। ভিনগ্রহের কোনো বুদ্ধিমান প্রাণীর সন্ধান পেলে তারা যেন মানবসভ্যতা সম্পর্কে ধারণা পায়, সেই উদ্দেশ্যেই এই ঐতিহাসিক বার্তা বহন করছে যানটি।

আগামী ২০৩৬ সালের মধ্যে ভয়েজার ১ সৌরজগতের পুরোপুরি বাইরে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে। যদিও একসময় এর শক্তির উৎস ফুরিয়ে যাবে এবং পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে, তবুও মানবসভ্যতার প্রতিনিধি হিসেবে এটি মহাকাশে চিরকাল টিকে থাকবে। পৃথিবীর অস্তিত্ব কোনো কারণে সংকটে পড়লেও, ভয়েজার ১ মহাকাশ গবেষণার ইতিহাসে এক অমর সাক্ষী হয়ে মহাশূন্যে বিচরণ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *