বর্ধমান: ছদ্মবেশে ডায়াগনস্টিক সেন্টারের জালিয়াতি ধরলেন বিচারপতি বিশ্বজিৎ বসু

বর্ধমান: ছদ্মবেশে ডায়াগনস্টিক সেন্টারের জালিয়াতি ধরলেন বিচারপতি বিশ্বজিৎ বসু

পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু বর্ধমান শহরের খোসবাগান এলাকায় স্বাস্থ্য পরিষেবার অনিয়ম খতিয়ে দেখতে আকস্মিক অভিযানে নামেন। বুধবার তিনি ছদ্মবেশে টোটোয় চেপে ওই এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করাতে যান। সঙ্গে ছিলেন তাঁর এক সহযোগী। রক্ত পরীক্ষার পর যে রিপোর্ট দেওয়া হয়, তা দেখে জালিয়াতির বিষয়টি স্পষ্ট হয়ে যায়। বিচারপতির সহযোগীর আগের রিপোর্টের সঙ্গে নতুন রিপোর্টের ব্যাপক অমিল ধরা পড়ে।

জিজ্ঞাসাবাদের মুখে ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা স্বীকার করেন যে, সকালে কোনো চিকিৎসক বা টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না। কোনো পরীক্ষা ছাড়াই অনুমানের ভিত্তিতে মনগড়া রিপোর্ট তৈরি করে রোগীদের দেওয়া হচ্ছিল। পরিদর্শনের সময় দেখা যায়, একটি আবাসিক বাড়ির ভেতরে যথাযথ পরিকাঠামো বা প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়াই এই ডায়াগনস্টিক সেন্টারটি চালানো হচ্ছিল। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

স্বাস্থ্য পরিষেবার নামে এমন অনিয়ম ও গাফিলতি দেখে ক্ষুব্ধ চেয়ারম্যান অবিলম্বে খোসবাগানের দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভুল রিপোর্টের কারণে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই ধরনের কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *