পেঁয়াজের দামে লাগাম টানতে বড় উদ্যোগ, রেলে আসছে বাফার স্টক! – এবেলা

এবেলা ডেস্কঃ
বাজারে পেঁয়াজের লাগামছাড়া দাম নিয়ন্ত্রণে এবার আসরে নামল কেন্দ্র। নাসিক থেকে দেশের বিভিন্ন প্রধান ভোক্তা কেন্দ্রে পেঁয়াজ সরবরাহের পাশাপাশি বাফার স্টক থেকে নিয়ন্ত্রিত পরিমাণে পেঁয়াজ বাজারে ছাড়ার বড় পদক্ষেপ করা হয়েছে। মূলত অগাস্ট ও সেপ্টেম্বর মাসে মরসুমি প্রতিকূলতা এবং উৎসবের মরসুমে চাহিদা বৃদ্ধির কারণে পেঁয়াজের দাম হু হু করে বাড়তে শুরু করে। এই পরিস্থিতি সামাল দিতে সরকার দেশের পর্যাপ্ত মজুতকে কাজে লাগিয়ে বাজারে জোগান স্বাভাবিক রাখার ওপর জোর দিয়েছে।
প্রাথমিকভাবে চেন্নাই, মাদুরাই, দিল্লি, কোচি এবং গুয়াহাটির মতো পাঁচটি বড় ভোক্তা কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি ও চাহিদা বিচার করে পরবর্তীতে এই ব্যবস্থার পরিধি আরও বাড়ানো হবে। পাশাপাশি, দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে পরিবহণের জন্য রেলের বিশেষ ‘পেঁয়াজ এক্সপ্রেস’ বা ‘কান্দা এক্সপ্রেস’ ব্যবহার করা হচ্ছে। সরকারের এই জোড়া পদক্ষেপে আমজনতা মুদ্রাস্ফীতির হাত থেকে বড় স্বস্তি পাবেন বলেই আশা করা হচ্ছে।
