পোল্যান্ডের ঐতিহাসিক শহরে বন্দুকবাজের তাণ্ডব, রক্তে ভিজল পর্যটন কেন্দ্র!

পোল্যান্ডের ঐতিহাসিক শহরে বন্দুকবাজের তাণ্ডব, রক্তে ভিজল পর্যটন কেন্দ্র!

এবেলা ডেস্কঃ

 

পোল্যান্ডে বন্দুকবাজের হামলা, ৪ মহিলাসহ নিহত ৬; গ্রেফতার হামলাকারী

ক্রাকো: পোল্যান্ডের ক্রাকো শহরে এক ভয়াবহ বন্দুক হামলায় ৪ মহিলাসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শনিবার স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ শহরের ঐতিহ্যবাহী ‘মেন মার্কেট স্কয়ার’-এ এই নৃশংস ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সেনার পোশাকে সজ্জিত এক বন্দুকবাজ গাড়ি নিয়ে বাজারের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এরপর গাড়ির জানালা দিয়ে সে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ছুটির দিন হওয়ায় ওই চত্বরে পর্যটক ও সাধারণ মানুষের ব্যাপক ভিড় ছিল। আকস্মিক হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে মানুষ রেস্তরাঁ ও বিভিন্ন আশ্রয়ে ছোটাছুটি শুরু করেন।

ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। বন্দুকবাজের সঙ্গে পুলিশের গুলির লড়াই শুরু হলে দুই পুলিশকর্মী জখম হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পাল্টা গুলিতে হামলাকারী আহত হলে তাকে গ্রেফতার করে পুলিশ। তার গাড়ি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তি পোল্যান্ডেরই নাগরিক বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে ঠিক কী উদ্দেশ্যে সে এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়েই প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ক্রাকোর উদ্দেশে রওনা দিয়েছেন। প্রেসিডেন্ট ক্যারল নাওরকি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পোল্যান্ডে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই ঘটনাকে ‘বর্বর ও নৃশংস’ বলে অভিহিত করে পোল্যান্ডের পাশে থাকার বার্তা দিয়েছেন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত ক্রাকোর মতো জনবহুল এলাকায় এমন হামলায় দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *