প্রয়াত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গোরক্ষপুরে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী তাঁর মায়ের প্রয়াণের খবর পান। সভা শেষ হওয়ার পর তাঁর উপদেষ্টা অবনীশ অবস্থী তাঁকে এই দুঃসংবাদটি জানান। খবর পাওয়ার পর মুখ্যমন্ত্রী তাঁর পৈতৃক গ্রামের উদ্দেশ্যে রওনা হন।
সাবিত্রী দেবীর স্বামী আনন্দ সিং বিস্ত বন বিভাগে কর্মরত ছিলেন, যিনি ২০২০ সালের এপ্রিলে ৮৯ বছর বয়সে প্রয়াত হন। সাবিত্রী দেবীর চার ছেলে ও তিন মেয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ১৯৯৪ সালে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করলেও মায়ের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক অটুট ছিল। ২০২২ সালের মে মাসে দীর্ঘ ২৮ বছর পর তিনি পৈতৃক গ্রামে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেছিলেন। এছাড়াও ২০২৪ সালের জুন মাসে ঋষিকেশের এইমসে চিকিৎসাধীন মায়ের সঙ্গে তিনি দেখা করেন এবং সর্বশেষ ২০২৬ সালের মে মাসে গ্রামে গিয়ে মায়ের আশীর্বাদ নেন।
শনিবার ঋষিকেশের সম্পূর্ণানন্দ ঘাটে সাবিত্রী দেবীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এই অনুষ্ঠানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং উত্তরপ্রদেশ সরকারের একাধিক মন্ত্রী উপস্থিত থাকবেন। সাবিত্রী দেবীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি মায়ের স্নেহ ও আশীর্বাদকে জীবনের অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করে যোগী আদিত্যনাথ ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
