দেশে চুম্বক কারখানা গড়বে মিডওয়েস্ট এনার্জি, পেল সরকারি প্রকল্পের ছাড়পত্র

সিন্টার্ড রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট উৎপাদনের সরকারি প্রকল্পে সফল দরদাতা হিসেবে বিবেচিত হয়েছে মিডওয়েস্ট এনার্জি। এই প্রকল্পের জন্য সংস্থাটি প্রতি কেজিতে ৫০৫.০৫ টাকা বিক্রয় উৎসাহভাতা হারের প্রস্তাব করেছিল। এর প্রেক্ষিতে ভারী শিল্প মন্ত্রকের কাছ থেকে লেটার অফ ইনটেন্ট বা আশয়পত্র পেয়েছে সংস্থাটি।
তবে এই আশয়পত্রটি শর্তসাপেক্ষ। নিয়ম অনুযায়ী, চিঠি পাওয়ার ৯০ দিনের মধ্যে মিডওয়েস্ট এনার্জিকে ৪০ কোটি টাকার পারফরম্যান্স সিকিউরিটি জমা দিতে হবে। সংস্থাটি প্রকল্পের শর্তাবলি যথাযথভাবে পূরণ করেছে কি না, তা খতিয়ে দেখার পরই সরকার চূড়ান্ত বরাদ্দপত্র জারি করবে বলে জানানো হয়েছে।
মিডওয়েস্ট এনার্জির সিইও সৌম্যা কোল্লারেড্ডি জানিয়েছেন, রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট উৎপাদনে দেশীয় সক্ষমতা তৈরির পথে এই আশয়পত্র একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভারতের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ উপাদানের সরবরাহ শৃঙ্খল মজবুত করার লক্ষ্যেই সংস্থাটি কাজ করছে। ৭,২৮০ কোটি টাকার এই সরকারি প্রকল্পের মাধ্যমে দেশে চুম্বক কারখানা গড়ার পথে এক ধাপ এগিয়ে গেল মিডওয়েস্ট এনার্জি।
